
ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত
শেষ আপডেট: 27 September 2024 22:38
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে তারা ৩-২ গোলে হেরেও গিয়েছে। এই পরিস্থিতিতে দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন।
তবে কুয়াদ্রাতের মুখে কিন্তু অন্য কথা শুনতে পাওয়া গেল। তিনি বলেন, 'বিপক্ষ দল আমাদের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছে। আমরা গোয়ার বিরুদ্ধে একেবারে চাপ তৈরি করতে পারিনি। এই ম্যাচে আমরা একেবারে ভাল পারফরম্যান্স যে করতে পারিনি, সেটা নিজেরা মেনেও নিয়েছিলাম। তাই শেষবেলায় আমরা ড্রয়ের জন্য লড়াই করছিলাম। কিন্তু, সেটাও হল না।'
আগামী ৫ অক্টোবর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে কুয়াদ্রাত অবশ্য হাতে অনেকটাই সময় পাবেন। লাল-হলুদের প্রফেসর বললেন, 'সমর্থকদের আবেগ আমরা খুব ভাল করেই বুঝি। তবে আমি একটাই কথা বলব যে এটা মরশুমের প্রথম ম্যাচ। এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। সমর্থকদেরও বুঝতে হবে যে আমাদের আরও অনেক ম্যাচ খেলতে হবে। তারপর আবার এএফসি রয়েছে। মরশুমের শুরুতে পয়েন্ট টেবিল যে অবস্থায় থাকে, শেষেরদিকে তা অনেকটাই বদলে যায়।
শেষকালে কুয়াদ্রাত যোগ করেন, 'পরের ম্যাচটা জেতার জন্য আমরা কঠোর অনুশীলন করব। তবে সাউল আর দিমি দলে যোগ দিলে, অনেকটাই শক্তি বাড়বে।'
প্রসঙ্গত, কুয়াদ্রাতের পারফরম্য়ান্স নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরাও যারপরনাই ক্ষুব্ধ। শুক্রবার গ্যালারি থেকেই তাঁরা গো ব্যাক স্লোগান তুলতে শুরু করেছেন। এই ম্যাচে এফসি গোয়ার হয়ে হ্যাটট্রিক করলেন বোরহা হার্নান্ডেজ। এছাড়া ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন মাদিহ তালাল এবং ডেভিড লালনসাঙ্গা।