.webp)
ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত
শেষ আপডেট: 14 September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (১৪ সেপ্টেম্বর) খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত চার বছরে লাল-হলুদ ব্রিগেড এই টুর্নামেন্টে তেমন নজর কাড়তে পারেনি। তবে অতীতের যাবতীয় স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে চাইছেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ট্রফি জয়ের 'হুঙ্কার' তাঁর গলায় শুনতে পাওয়া গেল।
ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে কুয়াদ্রাত বললেন, 'আমাদের আপাতত লক্ষ্য হল সুপার সিক্সে জায়গা অর্জন করা। সেটা মাথায় রেখেই আমরা লড়াই করব। যদি টপ সিক্সে জায়গা আমরা অর্জন করতে পারি, তাহলে ট্রফি জিততে আর মাত্র চারটে ম্যাচই বাকি থাকবে। তবে সুপার সিক্সে ওঠাই আমাদের আপাতত লক্ষ্য। সেজন্য সকলকে পারফরম্যান্স করতে হবে।'
প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব নকআউট পর্বে পৌঁছতে পারেনি। গত তিনটে মরশুমে তারা শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে। তবে এবার ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া কুয়াদ্রাত। দলে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং মাদিহ তালালের মতো ফুটবলার রয়েছেন। তাঁরা কুয়াদ্রাতকে ভরসা দিতে পারবেন, এমন আশা করা যেতেই পারে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা তিনি যে কোনও মূল্যে জিততে চাইছেন।
লাল-হলুদ ব্রিগেডের কোচ বললেন, 'আমরা আপাতত বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া আর কিছু ভাবছি না। এই তিনটে পয়েন্টের জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতেই কলিঙ্গ সুপার কাপ জয় কুয়াদ্রাতের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দেবে। দলটা প্রায় ১২ বছর পর জাতীয় স্তরের কোনও খেতাব জয় করতে পেরেছে। কুয়াদ্রাতের সেই ম্যাজিক কি এবার ইন্ডিয়ান সুপার লিগেও দেখতে পাওয়া যাবে? সেটা আপাতত সময়েই বলবে।