ম্যাচে প্রথম গোল অবশ্য করেছিল ইস্টবেঙ্গলই। প্রথমার্ধের সংযোজিত সময়ে (৪৫+৩) লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন গুইতে ভানলালপেকা।

ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 4 July 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল (East Bengal) ২০২৫ কলকাতা ফুটবল লিগে (CFL 2025) তাদের অভিযান শুরু করেছিল বিপক্ষকে গোলের মালা পড়িয়ে। প্রথম ম্যাচে তারা মেসারার্সকে হারিয়ে ছিল ৭-১ গোলে। কিন্তু সেই ম্যাচের পর দলের কোচ বিনো জর্জ ছাত্রদের সাবধান করে দিয়েছিলেন, আত্মতুষ্টি যেন গ্রাস না করে।
বিনোর সেই কথাই যেন শুক্রবার ফলে গেল নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সুরুচি সংঘের কাছে এদিন লাল-হলুদ ব্রিগেড আটকে গেল ১-১ গোলে। যদিও এদিন চোটের জন্য মাঠে নামেননি দলের অন্যতম সেরা ফুটবলার জেসন টিকে। তবে বৃহস্পতিবার অনুশীলন না করলেও এদিন মনতোষ মাঝিকে নামিয়েছিলেন বিনো।
এদিন প্রথম থেকেই অগোছাল দেখাচ্ছিল সায়ন বন্দ্যোপাধ্যায়, মনতোষদের। ম্যাচে প্রথম গোল অবশ্য করেছিল ইস্টবেঙ্গলই। প্রথমার্ধের সংযোজিত সময়ে (৪৫+৩) লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন গুইতে ভানলালপেকা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সুরুচি সংঘ। ৪৭ মিনিটে গোল করে স্কোর ১-১ করেন সুরুচির করমান্য বনশল। এরপর আর কোনও পক্ষই গোল করতে পারেনি।
সিএফএলের প্রিমিয়র ডিভিশনে অন্য ম্যাচে এদিন পয়েন্ট খুইয়েছে ময়দানের অপর প্রধান মহমেডানও (Mohammedan SC)। দুই বার এগিয়ে গিয়েও তারা কলকাতা পুলিশের ব্যারিকেডে আটকে গিয়ে ড্র করেছে ২-২ গোলে। বারাকপুরে অনুষ্ঠিত ম্যাচে সাদা-কালো জার্সিধারীদের পক্ষে এদিন গোল করেন লালথানকিমা (১৫ মিনিট) ও লালঙ্গাইহসাকা (২৮ মিনিট)।