.webp)
মহমেডানের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
শেষ আপডেট: 20 September 2024 18:59
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে কলকাতা ফুটবল লিগে ধাক্কা খেল ইস্টবেঙ্গল ফুটবল দল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে ২-২ গোলে ড্র করল মশালবাহিনী।
সুপার সিক্সের প্রথম দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব সহজ জয়লাভ করেছিল। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তাদের যে বেগ পেতে হবে, সেটা আগেও আশঙ্কা করা হয়েছিল। হলও তাই। ম্যাচের ২০ মিনিটে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দিয়েছিলেন বামিয়া সামাদ। কিন্তু, ৪০ মিনিটে সমতা ফেরান জোসন টিকে।
দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় ব্ল্যাক প্যান্থার্সরা। ৫১ মিনিটে মহমেডানের হয়ে গোল করলেন রবিনসন সিং। ৭৫ মিনিটে দ্বিতীয় গোল জেসিনের। ২-২ গোলে এই ম্যাচের সমতা ফিরে আসে। তবে ইনজুরি টাইমে হীরা মণ্ডলের শট যদি মহমেডানের গোলকিপার শুভদীপ পণ্ডিত না আটকাতেন, তাহলে সুপার সিক্সে জয়ের হ্যাটট্রিক করতে পারত ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত তা হয়নি। ১৫ ম্যাটে ৪১ পয়েন্ট সংগ্রহ করেই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।