
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত
শেষ আপডেট: 14 November 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়ার বিরুদ্ধে আগামী ১৮ নভেম্বর একটি প্রীতি ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এই দলে কোনও বাঙালি ফুটবলারকে রাখা হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট শোরগোল হয়েছে। এই ব্যাপারেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
সম্প্রতি বিয়ন্ড স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে দেবাশিস দত্ত বললেন, 'ভারতীয় ফুটবল দলে যে একজনও বাঙালি ফুটবলার নেই, তা নিয়ে আমি একেবারেই অবাক নই। বলে রাখছি, আগামী কয়েক বছর বাঙালি ফুটবলার থাকবেও না।'
এরপর তিনি নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তিও দিলেন। বাগান সচিব বললেন, 'মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানকে দিয়ে কোনওদিন বাংলার ফুটবলকে বিচার করা হয় না। বাংলার ফুটবল বিচার করা হয়, সন্তোষ ট্রফিতে বাংলা কেমন পারফরম্য়ান্স করছে তার উপরে। গত ২-৩ বছরে বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি। যে দল ফাইনাল রাউন্ডে উঠতে পারে না, সেই রাজ্য থেকে ফুটবলার জাতীয় দলে সুযোগ পাবে, সেটা আশা করাই ভুল।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আপনারা কেন একমাত্র শুভাশিস বসুকে নিয়েই পড়ে আছেন? কেন আরও ফুটবলার তৈরি করা সম্ভব হয়নি? যদি দশটা বাঙালি ফুটবলার তৈরি থাকত, তারমধ্যে হয়ত পাঁচজন জাতীয় দলে সুযোগ পেত।'
দেবাশিস দত্তর কথায়, অবিলম্বে বাংলার প্রত্যেকটা দলকে নিয়ে একটা আলোচনায় বসা। একটা কমিটি তৈরি করা যারা বাংলার ফুটবলের উন্নয়নের ব্যাপারটা দেখবে। ব্যাপারটা নিয়ে যে ক্রমশ বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে, তা বলা যেতেই পারে।