1.jpg)
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার
শেষ আপডেট: 10 January 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো : কথায় আছে, ইট মারলে পাটকেল খেতেই হয়। মোহনবাগান সুপার জায়ান্টের অবস্থাও আপাতত তেমনই হয়েছে। আসলে কয়েকদিন আগে বাগান সভাপতি টুটু বসু ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এমনকী, ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করেন। এবার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন দেবব্রত সরকার।
শুক্রবার (১০ জানুয়ারি) দেবব্রত সরকার বললেন, 'মোহনবাগান ক্লাব বলে কিছু আছে, তেমন আমার জানা নেই। আমি জানি, একটা ক্লাবের সঙ্গে মোহনবাগান মার্জ করেছে। টুটু বাবু বরাবরই একটু হাস্যকর কথাবার্তা বলেন। ভাবলাম বয়সের সঙ্গে সঙ্গে উনি হয়ত নিজেকে পাল্টাবেন। কিন্তু, সেটা হয়নি।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, ' আমি টুটু বাবুকে শুধুমাত্র একটাই প্রশ্ন করতে চাই, কার লাইসেন্সে মোহনবাগান খেলছে? এএফসি হোক কিংবা ফিফা, একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গেলে প্রতিটা ক্লাবের লাইসেন্স দরকার হয়। আমি জানি একটা এটিকে-র লাইসেন্স ছিল। আর একটা মোহনবাগানের। এখন কোন ক্লাবের লাইসেন্সে মোহনবাগান সুপার জায়ান্ট খেলে। আমরা কোনও ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি। কোনও ৬ কিংবা ৮ বছরের ক্লাবের কাছে তো নয়ই। ফলে কে ঢুলে পড়েছে, এর থেকেই সেটা স্পষ্ট প্রমাণ হয়ে যায়।'
প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলার সন্তোষজয়ী ফুটবল দলকে সম্মান জানিয়েছিল ভবানীপুর ক্লাব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি টুটু বসু। সেখানে তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, 'সূর্য ঢলছে, লাল-হলুদও ঢলছে। আর এমন সময়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে। তবে আমি বলব ডার্বি ম্য়াচ ফিফটি-ফিফটি।'
দেবব্রত সরকারের কথায়, 'আমি অনেকদিন ধরেই দেখেছি টুটু বাবু রেফারিং নিয়ে বিরুদ্ধাচারণ করেছেন। কখনও রেফারিকে ধাওয়া করেছেন। আজ ওঁর মুখে আর এইসব কথা মানায় না। আর আমরা যে রেফারিং নিয়ে মুখ খুলছি, তা নিয়ে সকলেই তো কথা বলছেন। টুটু বসুর ক্ষমতা নেই যে আমাকে আক্রমণ করবে। আমাকে আক্রমণ করার জন্য কামান লাগবে। সেই ক্ষমতা ওঁর নেই।'