আমেরিকায় তীব্র দাবদাহ। তার উপরে ভরদুপুরে ম্যাচ। যে কারণে শুরু থেকে দু’দলই শক্তি বাঁচিয়ে খেলছিল। কিন্তু কয়েক মিনিট গড়াতে না গড়াতেই পরিচিত মেজাজে দেখা দেয় রিয়াল।

কিলিয়ান এমবাপে
শেষ আপডেট: 6 July 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ-পিএসজি। তার আগে গতকাল কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডকে হারাল জাবি আলোনসোর টিম। অন্য ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে পরাস্ত করেছে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।
আমেরিকায় তীব্র দাবদাহ। তার উপরে ভরদুপুরে ম্যাচ। যে কারণে শুরু থেকে দু’দলই শক্তি বাঁচিয়ে খেলছিল। কিন্তু কয়েক মিনিট গড়াতে না গড়াতেই পরিচিত মেজাজে দেখা দেয় রিয়াল। মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অনবদ্য টিম গোল উপহার দেন গোঞ্জালো গার্সিয়া। দশ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন বছর একুশের তরুণ। টুর্নামেন্টে এই নিয়ে চার নম্বর গোল। যা আসে আর্দা গুলেরের বাড়ানো বল থেকে।
দশ মিনিট বাদে ব্যবধান বাড়ান ফ্রান গার্সিয়া। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যিনি সদ্য লিভারপুল ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন, তাঁর নিখুঁত কাট ব্যাক থেকে আসা বল জালে জড়ালে ভুল করেননি তরুণ ফুলব্যাক। প্রথমার্ধে ছোট ছোট পাস খেলে ডর্টমুন্ডের ছন্দ ভেঙে দেয় রিয়াল। না পজেশনাল প্লে, না কাউন্টার অ্যাটাক—কোনওভাবেই আক্রমণের ঝাঁজ বাড়াতে পারেননি নিকো কোভাকের ছেলেরা।
ম্যাচ শেষে রিয়াল ম্যানেজার জাবি বলেন, ‘সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল… স্রেফ শেষ দশ মিনিট বাদে। ওই দশ মিনিট অদ্ভুতভাবে হাত থেকে বেরিয়ে যায়। সব মিলিয়ে ভাল ৮০ মিনিট। যদিও শেষটুকু উন্নতি করতে হবে!’
ভুল বলেননি তিনি। কারণ, ৯০ মিনিট পেরনোর পর কামব্যাকের গন্ধ পেতে শুরু করে ডর্টমুন্ড। ৯৩তম মিনিটে ব্যবধান কমান ম্যাক্সিমিলিয়ান বেইয়ার। যখন মনে হচ্ছে ঘুরে দাঁড়াবে জার্মান টিম, তখনই ওভারহেড কিকে দলের তিন নম্বর গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা কিলিয়ান এমবাপে।
কিন্তু ফের উলটপুরাণ! এক মিনিট বাদেই পেনাল্টি থেকে দু’নম্বর গোল করে লড়াইয়ের রাস্তায় ফেরে ডর্টমুন্ড। রেফারির বাঁশি বাজার ঠিক আগে থিবো কুর্তোয়া সেভ না করলে আচমকা লাল কার্ড দেখে দশজন হয়ে পড়া রিয়াল মাদ্রিদ হয়তো হেরেও যেতে পারত! যদিও শেষমেশ কোনও অঘটন ঘটেনি। ৩-২ স্কোরলাইনে জিতে সেমিতে ওঠে স্পেনের ক্লাব।
অন্যদিকে আরও একটি কোয়ার্টার ফাইনালে পিএসজির হাতে পরাজিত বায়ার্ন মিউনিখ। গোল করেন চ্যাম্পিয়নস লিগের দুই নায়ক উসমান ডেম্বেলে এবং ডেসিরে ডয়ু। উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্দেজ লাল কার্ড থেকে মাঠ ছাড়েন। মর্মান্তিক চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। কবে মাঠে ফিরবেন তা এখনও জানা যায়নি।