
হিজাজির ব্যর্থতায় প্রথম গোল হজম করল ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 19 January 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে এফসি গোয়া যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই আঁচ আগেই করা হয়েছিল। কিন্তু, এত দ্রুত যে তারা জ্বলে উঠবে, সেটা বোধহয় কেউ আঁচ করতে পারেনি। ইস্টবেঙ্গল রক্ষণ আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ার আগেই দুর্দান্ত হেডে গোল করলেন ব্রিস্টন। আপাতত লাল-হলুদ ব্রিগেড ০-১ গোলে পিছিয়ে রয়েছে।
এবার ম্যাচের কথায় আসা যাক। ১৩ মিনিটের মাথায় লাল-হলুদ রক্ষণে আঘাত হানল এফসি গোয়া। কর্নার থেকে দুর্দান্ত বলটা বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই শট সামান্য বাঁক নিয়ে বক্সের মধ্যে চলে আসে।
ততক্ষণে ব্রিস্টন অবশ্য সঠিক জায়গায় নিজেকে প্রস্তুত করে ফেলেছেন ব্রিস্টন। এরপর সেই বলে নিখুঁতভাবে মাথা ছোঁয়ালেন তিনি। প্রভসুখনের উপর দিয়ে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। গিল অনেকটাই সামনে এগিয়ে আসার কারণে বলের নাগাল পাননি।
তবে এই গোলটার ক্ষেত্রে কিন্তু লাল-হলুদের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে হিজাজি মাহের ওখানে কি করছিলেন, সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। গত কয়েকটা ম্যাচেই হিজাজির পারফরম্যান্স আতসকাচের নিচে এসেছিল। তবে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। ইস্টবেঙ্গল যে আবারও ম্যাচে ফিরতে পারবে, তেমনটাই আশা করছেন সমর্থকরা।
প্রসঙ্গত, আইএসএল টুর্নামেন্টে এফসি গোয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলেছে মশালবাহিনী। এরমধ্যে হাফডজন ম্যাচই তাদের হারতে হয়েছে। দুটো ম্যাচ ড্র হয়েছে। আর জিতেছে মাত্র একটা ম্যাচে। এই পরিস্থিতিতে রবিবারের ম্যাচে সংখ্যাটা এক থেকে দুই হয় কি না, সেটাই আপাতত দেখার।