
জয়ের পর বাংলা ফুটবল দলের উচ্ছ্বাস
শেষ আপডেট: 18 November 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা ফুটবল দল আপাতত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। সোমবার (১৮ নভেম্বর) সন্তোষ ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে বাংলা ৭-০ গোলে জয়লাভ করেছে। আপাতত এই টুর্নামেন্টে ১১ গোল করে গ্রুপ শীর্ষে রয়েছে তারা।
ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সাফল্য যে একেবারেই কোচ সঞ্জয় সেনের প্রাপ্য, তা বলা যেতেই পারে। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই দলটার ভোল বদলে গিয়েছে। সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা প্রথমার্ধেই পাঁচ গোল করে ফেলেছিল। আর দ্বিতীয়ার্ধে আসে আরও তিনটে গোল। বাংলার হয়ে চারটে গোল করলেন রবি হাঁসদা। এছাড়া তিনটে গোল করেন মনোতোষ মাঝি।
কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই বাংলা ফুটবলারদের দাপট দেখতে পাওয়া যায়। ম্যাচের ৮ মিনিটেই রবির পা থেকে আসে প্রথম গোল। এরপর ১১ মিনিটে ব্যবধান বাড়ালেন মনোতোষ। ১৭ মিনিটে তাঁর পা থেকে আরও একটি গোল দেখতে পাওয়া যায়। এরপর ৩৩ মিনিটে বাংলার স্কোর ৪-০ করেন আবারও সেই রবি। প্রথমার্ধের শেষ গোলটা ৩৭ মিনিটে মনোতোষের পা থেকে বেরিয়ে আসে।
ম্যাচের প্রথমার্ধের পাঁচ গোল হজম করার পর উত্তরপ্রদেশের আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আশা করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে বাংলার আক্রমণ কিছুটা হলেও হয়ত নমনীয় হবে। কিন্তু, কোথায় কী? আক্রমণের ঝাঁঝ যেন আরও বাড়িয়ে দিল সঞ্জয় সেনের দল। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করতে শুরু করলেন মনোতোষ এবং রবি। তবে ম্যাচের ৪৮ মিনিট এবং ৮৩ মিনিটে অধিনায়ক রবির পা থেকে আরও দুটো গোল বেরিয়ে আসে। এই জয়ের পর সঞ্জয় সেন যে খুশি হবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ২০ নভেম্বর বিহারের বিরুদ্ধে খেলতে হবে বাংলাকে। এই ম্যাচেও তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।