.jpg)
ফুটবল ময়দানে ভারত এবং বাংলাদেশ
শেষ আপডেট: 11 December 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো : ২০২৭ এএফসি এশিয়ান কাপের ফাইনাল কোয়ালিফায়ার রাউন্ডের সূচি গত সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি হংকং এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দলকে। মূলপর্বে উঠতে হলে টিম ইন্ডিয়াকে শীর্ষস্থান দখল করতেই হবে।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। গত কয়েক দশকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। এবারও বেঙ্গল টাইগারদের পরাস্ত করতে টিম ইন্ডিয়া যে আপ্রাণ চেষ্টা করবে, তা বলার অপেক্ষা রাখে না।
প্রায় বছর তিনেক আগে এই দুটো দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। একবিংশ শতকে এই দুই দলের মধ্যে মোট ১৩ বার লড়াই হয়েছে। এরমধ্যে শেষ ৫ ম্যাচে দুটো দল কেমন পারফরম্য়ান্স করেছে, আসুন দেখে নেওয়া যাক।
২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল নীল বাঘেদের দল। এই ম্য়াচের শুরু থেকেই ভারত চাপ বাড়তে শুরু করে। ২৭ মিনিটে ভারত উদান্ত সিংয়ের গোলে এগিয়ে গেলেও, ৭৪ মিনিটে ইয়াসিন আরাফতের গোলে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। ফলে টিম ইন্ডিয়া এগিয়ে গিয়েও জিততে পারেনি।
২০২২ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করেছিল ভারতীয় ফুটবল দল। ৭৯ মিনিটে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে দুর্দান্ত একটি গোল করেছিলেন সুনীল ছেত্রী। ৯২ মিনিটে তিনিই টিম ইন্ডিয়ার হয়ে ইনসুরেন্স গোলটি করেন।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ৪২ মিনিটে লিড নেয় বাংলাদেশ। গুরপ্রীত সিং সান্ধুর ভুলের খেসারত দিয়েছিল ভারত। গোল করেছিলেন বাংলাদেশের মহম্মদ সাদ। তবে শেষবেলায় মান বাঁচিয়েছিল ব্লু টাইগাররা। ৮৮ মিনিটে আদিল খানের শক্তিশালী হেডে সমতা ফেরায় ভারত।
২০১৪ সালে ভারতীয় ফুটবল দল দুটোই প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলেছিল। এরমধ্যে একটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে প্রীতি ম্য়াচ। এই ম্য়াচটি গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই ম্যাচটি অবশ্য ২-২ গোলে ড্র হয়। প্রসঙ্গত, এই ম্য়াচে ভারতের জয় একেবারে নিশ্চিত ছিল। কিন্তু, ৬৪ মিনিটে অর্ণব মণ্ডল একটি আত্মঘাতী গোল করেছিলেন। এরপর ৯২ মিনিটে সুনীলের গোলে ভারত সমতা ফেরাতে না পারলে মারাত্মক দুর্ঘটনার সাক্ষী হত টিম ইন্ডিয়া।
২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ছিল ভারত এবং বাংলাদেশ। কাঠমান্ডুতে এই দুই দলের মধ্যে ম্যাচ আয়োজন করা হয়েছিল। একটা সময় মনে হয়েছিল যে ম্য়াচটা গোলশূন্য ড্র হবে। কিন্তু, ৮২ মিনিটে বাংলাদেশকে লিড দিয়েছিলেন ডিফেন্ডার আতিসুর মেশু। কিন্তু, ৯৫ মিনিটে সুনীলের গোল টিম ইন্ডিয়াকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিল।