ফিফার অনুমতি পেতে বিলম্বের কারণে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর, নভেম্বরের উইন্ডো থেকে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিওনেল মেসি
শেষ আপডেট: 25 October 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে ভারত সফরে আসছেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি (Lionel Messi)। এমএলটেনের আগমনের অপেক্ষায় প্রহর গুণতে শুরু করেছে আসমুদ্র হিমাচল। মেসির এই সফরের পর আর্জেন্তিনা দলের সঙ্গে তাঁর আরও একবার আসার কথা ছিল। জানা গিয়েছিল, মেসি কেরলে এসে (Kerala Tour) একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। কিন্তু এবার জানা গেল, মেসি কেরলে আসছেন না।
ম্যাচের আয়োজকরা শনিবার এই ঘোষণা করেছেন। এর আগে, কেরলের ক্রীড়া বিভাগের সহযোগিতায় প্রস্তাবিত ফুটবল ম্যাচের পৃষ্ঠপোষক অ্যান্তোনিও অগাস্টিন ঘোষণা করেছিলেন, মেসির নেতৃত্বে আর্জেন্তিনার জাতীয় দল ১৭ নভেম্বর কোচিতে একটি প্রীতি ম্যাচ খেলবে। অগাস্টিন তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে ঘোষণা করেছেন, আর্জেন্তিনার প্রীতি ম্যাচটি আগামী মাসে অনুষ্ঠিত হবে না। তিনি লিখেছেন, "ফিফার অনুমতি পেতে বিলম্বের কারণে, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর, নভেম্বরের উইন্ডো থেকে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
অগাস্টিন বলেছেন, পরবর্তী আন্তর্জাতিক মরশুমে কেরলে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং শীঘ্রই একটি নতুন তারিখ ঘোষণা করা হবে।
এদিকে জানা গিয়েছে, কেরলের ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পায়নি। দক্ষিণের রাজ্যটির ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমানের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ম্যাচ স্থগিত করার বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাননি। একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভাগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সময়সূচী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করবে। এর আগে, এএফএ প্রতিনিধিরা কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করে সুযোগ-সুবিধাগুলি পরিদর্শন করেছিলেন।