
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 27 April 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: উইকেন্ড মানেই স্লো স্টার্ট। এই সপ্তাহান্তে উপরিপাওনা কালবৈশাখী সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি। ঠান্ডা আবহাওয়ায় ঘুমের পর আজ অর্থাৎ রবিবার সকালটা অনেকেরই শুরু হয়েছে 'আজ আর একঘেয়ে খাবার খেতে ইচ্ছে করছে না' বা 'আজ আর বেশি কিছু বানাব না' গোছের কথা দিয়ে। যদি এমন আপনারও মনে হয় তাহলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই পদ। রবিবার মাংস থাকল পাতে কিন্তু একদম ভিন্ন স্বাদে।
দ্য ওয়ালের তরফে আজ রইল গন্ধরাজ মুরগির রেসিপি। বাসমতি চালের ভাত বা পোলাও দিয়ে দুপুরে চেটেপুটে খেতে পারেন। চাইলে রুটি বা নান জাতীয় যেকোনও পদের সঙ্গেও খেয়ে দেখতে পারেন।
গন্ধরাজ মুরগি খুবই সহজে ও কম সময়ে বানানো যায়। এই রেসিপি বানাতে ৫০০ গ্ৰাম মতো মুরগির মাংস, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, নুন, আদা বাটা, রসুন বাটা, টক দই, ধনেপাতা কুচি, ধনেপাতা বাটা, কারিপাতা ও কাঁচালঙ্কা লাগবে। সঙ্গে সাদা তেল লাগবে রান্নাটা করার জন্য। এই রান্নায় হলুদ, লাল গুঁড়ো লঙ্কা লাগবে না।
প্রথমে মুরগির মাংস ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এবার মাংসে ১ চামচ গোলমরিচ গুঁড়ো আর ২ থেকে ৩ চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার হবে না।
কড়াইতে এবার তেল পরিমাণ মতো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তাতে ৪ থেকে ৫টা কারিপাতা ও ১ থেকে ২টো কাঁচালঙ্কা ফোড়ণ দিয়ে মাংসগুলো দিয়ে দিতে হবে। লালচে হয়ে এলে আদা ও রসুন সামান্য নুন দিয়ে বেটে সেটা ২ চামচ মতো মাংসে দিয়ে দিতে হবে। ভাল করে নেড়ে এক কাপ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে।
এদিকে ১ কাপ টক দই ফেটিয়ে তাতে ১ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর চিনি মিশিয়ে নিয়ে তা মাংসে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। ২ থেকে তিন মিনিট মতো রেখে উপর থেকে কাঁচালঙ্কা দিয়ে ও প্রয়োজনে সামান্য গন্ধরাজ লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।
রবিবার দুপুরে এই খাবার মন ভাল করার জন্য যথেষ্ট!