
ভেজিটেবল ম্যাগি কাটলেট
শেষ আপডেট: 17 April 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: ম্যাগি খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কম আছেন। কিন্তু এই সন্ধেবেলায় নামা হঠাৎ বৃষ্টিতে মুখরোচক কিছু খেতেই মন চাইবে, সেটাই তো স্বাভাবিক। পকোড়া-চপ তো অনেক হল, এবার ম্যাগি আর বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই বানিয়ে নিন ঝটপট ভেজিটেবল ম্যাগি কাটলেট। খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে মুখে জল আনা ফিউশন এই খাবার, তৃপ্ত হবে মন।
কীভাবে বানাবেন?
উপকরণ: (৬ জনের পরিবেশনের ক্ষেত্রে)
1. ১৫০ গ্রাম ম্যাগি নুডলস
2. হাফ কাপ গাজর কুচি
3. ৫ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
4. হাফ কাপ বাঁধাকপি কুচি
5. ১ টেবিল চামচ ম্যাগি মশলা
6. পরিমাণ মতো তেল (যেভাবে আপনি বানাতে চান, সেঁকা বা ডিপফ্রাই)
7. প্রয়োজন মতো নুন
8. ২ চা চামচ চিলি ফ্লেক্স
9. ২ কাপ জল
পদ্ধতি:
1. মাঝারি আঁচে একটি প্যানে জল ফুটতে শুরু করলে ম্যাগি নুডলস এবং সঙ্গে ম্যাগি মশলা যোগ করুন। ভাল ভাবে মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন। হয়ে গেলে গ্যাস বন্ধ করুন এবং রান্না করা ম্যাগি একটি বাটিতে রেখে দিন। ম্যাগি ঠান্ডা হতে দিন।
2. বাঁধাকপি এবং গাজর অল্প টেলে ভেজে নিন।
3. ঠান্ডা হয়ে গেলে রান্না করা ম্যাগিতে ভাজা বাঁধাকপি এবং গাজর, কর্ন ফ্লাওয়ার, নুন আর চিলি ফ্লেক্স যোগ করুন। সমস্ত উপাদানকে ভাল ভাবে মিশিয়ে নিন এবং সমান অংশে ভাগ করুন। পিঁয়াজির মতো আকারে গড়ে নিন।
4. একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে রাখুন এবং এতে তেল দিন। তেল যথেষ্ট গরম হয়ে গেলে, ঐ ম্যাগির কাটলেট তেলে ছাড়ুন এক এক করে এবং উভয় দিক থেকে বাদামী হওয়া পর্যন্ত কম আঁচে ভাজুন। ভাজা হয়ে গেলে, অতিরিক্ত তেল বের করে নেওয়ার জন্য রান্নাঘরের তোয়ালেতে এই কাটলেটগুলি রাখুন। অল্প তেলে সেঁকে নিলেও এই কাটলেট ভাল লাগবে খেতে।
5. ভেজিটেবল ম্যাগি কাটলেটগুলি হয়ে গেলে টমেটো কেচাপ বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
এই বৃষ্টির সন্ধেতে এক কাপ চা বা কফির সঙ্গে জমে যাবে এই ভেজিটেবল ম্যাগি কাটলেট।