
শেষ আপডেট: 8 May 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: শহুরে ব্যস্ততার মাঝে যদি একটা সন্ধে বেলা একটু অন্যরকম কাটে। এই গরমে সন্ধের হালকা হাওয়ায় যদি পেটপুজোর একটু সুযোগ পাওয়া যায়, আর কী চাই! ঠিক এমনই এক জিভে জল আনা অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে কলকাতার অন্যতম অভিজাত প্রিন্সটন ক্লাব। হ্যাঁ, কথা হচ্ছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল-এর। শুরু হয়েছে ৭ মে, চলবে আগামী রবিবার অর্থাৎ ১১ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত।
ফুচকার স্বাদ, দই ভল্লার টক-মিষ্টি ছোঁয়া, মোমোর ভাপা গন্ধ বা পাও ভাজির টুইস্টের সঙ্গে কাটবে একটা সন্ধে। শহরের নস্টালজিয়া উস্কে খিদিরপুর চাট, পুরনো পাড়ার এগ রোল, ধোঁয়া ওঠা চা ও ঝালমুড়িও থাকছে। এছাড়াও মেনুতে আছে—রাগড়া প্যাটিস চাট, নাচোস কর্ন ভেল। দাম ১০০ থেকে ২২০ টাকার মধ্যে।
প্রিন্সটন ক্লাবের ম্যানেজার সঞ্জয় কর্মকার এনিয়ে বলেন, 'আমরা প্রতি বছর নানা দেশি ও আন্তর্জাতিক খাবার নিয়ে উৎসব করি। এই ফেস্টিভ্যালে একদিকে যেমন থাকবে পুরনো দিনের স্ট্রিট ফুডের স্বাদ, তেমনই থাকবে নতুন উপস্থাপনার ছোঁয়া। আমাদের এগজিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তীর পরিকল্পনায় এবারের মেনু সাজানো হয়েছে, যাতে টক-ঝাল-মিষ্টি তিনই মুখে লেগে থাকে।'
শহরের স্ট্রিট ফুডের স্বাদকে পরিশীলিত এক পরিসরে পরিবেশন করেও তার মূল রসটা যে ধরে রাখা— সেটা তুলে ধরাই হল এই উৎসবের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করে কলকাতার ফুড লাভারদের মন জয় করে নিচ্ছে প্রিন্সটন ক্লাবের এই উদ্যোগ।
যাঁরা খেতে ভালবাসেন, তাঁরা তো পৌঁছে যাবেনই। যাঁরা খেতে ভালবাসেন না তাঁদেরও একঘেয়ে লাগবে না।