সঠিক একটা বিরিয়ানি বাড়িতে বানানো মানে তাতে রয়েছে নানা ট্রিকস। একবার সেসব মেনে বানাতে পারলে হার মানাবে বড় বড় রেস্তরাঁর দামী দামী বিরিয়ানিকেও।

এক প্লেট স্বর্গের নাম বিরিয়ানি
শেষ আপডেট: 30 May 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: এক প্লেট ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি, সঙ্গে প্রমাণ সাইজের একটা আলু আর তুলতুলে নরম একটুকরো মাংস- এ তো স্বপ্নের চেয়ে কম কিছু নয়। কিন্তু সঠিক একটা বিরিয়ানি বাড়িতে বানানো মানে তাতে রয়েছে নানা ট্রিকস। একবার সেসব মেনে বানাতে পারলে হার মানাবে বড় বড় রেস্তরাঁর দামী দামী বিরিয়ানিকেও।
বাড়িতে বানানো বিরিয়ানিতে অতুলনীয় স্বাদ আনতে মেনে চলুন এইসব টিপস ও ট্রিকস-

বিরিয়ানির ভাতেই লুকিয়ে আসল রহস্য: বিরিয়ানি বানানোর জন্য বিশেষত লম্বা সরু বাসমতি চালই সেরা অপশন। এই চাল সহজে ভাঙে না। ভাতের কোয়ালিটির ওপর বিরিয়ানির স্বাদ অনেকাংশে নির্ভর করে।

ম্যারিনেশন: মাংস আর তার ম্যারিনেশন বিরিয়ানির আসল হিরো। বিরিয়ানির মাংস সবসময় হাড়সমেত রান্না করা হয়। রান্নার আগের রাতে ম্যারিনেশন করে রাখলে মশলা চিকেনে ঢুকবে ভালমতো, স্বাদ হবে অপূর্ব।

মশলার সঠিক পরিমাণ: মশলার সঠিক ব্যালেন্স বিরিয়ানিকে করে তুলতে পারে অনন্য। লখনউ আর হায়দরাবাদি এই দুই-ই বিরিয়ানি, কিন্তু তাতে রয়েছে মশলার সূক্ষ্ম হেরফের। তাই মশলার পরিমাণ মাথায় রাখুন।

টক দই: বিরিয়ানির মাংস ম্যারিনেশনে টক দই গ্রেভিতে আনে টেক্সচার। দই কতটা টক, তার সঠিক অ্যাসিডিটির ওপর নির্ভর করবে মাংসের স্বাদ।

ঘিয়ের ব্যবহার: শুধু স্বাদের জন্যই নয়, বিরিয়ানির প্রতিটা স্তরে ব্যবহার হয় ঘি। ভাত ও বাকি উপাদান যাতে একে অপরের সঙ্গে আটকে না যায় তাই এই নিয়ম। এই একই কারণে বিরিয়ানি বানানোর পাত্রেও ভাত বা মাংস দেওয়ার আগে ঘি ব্যবহার হয়।

মুচমুচে বেরেস্তার স্বাদ: বিরিয়ানি বানানোর সবচেয়ে সময় এবং ধৈর্য লাগে মুচমুচে বেরেস্তা বানাতে। ম্যারিনেশন হোক বা গ্রেভি, বিরিয়ানির প্রত্যেক স্তরে আলাদা আলাদা স্বাদ যোগ করে এই পেঁয়াজ।

বিরিয়ানির পাত্র: বিরিয়ানি সবসময় বানানো উচিত বড় গভীর কানাউঁচু পাত্র বা হাঁড়িতে। তাতে তাপ ভাল করে ছড়াতে পারে পুরো পাত্রে। তলায় বিরিয়ানি আটকে বা পুড়ে যায় না।