Nutritious sprouted wheat dessert: অঙ্কুরিত গম ও ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ডোডা বরফি। পুষ্টিকর এই ঐতিহ্যবাহী পাঞ্জাবি মিষ্টি স্বাদে যেমন অনন্য, তেমনই স্বাস্থ্যকর।

ডোডা বরফি
শেষ আপডেট: 12 March 2026 16:09
দ্য ওয়াল ব্যুরো: উৎসব হোক বা ঘরোয়া অনুষ্ঠান—মিষ্টি ছাড়া বাঙালির খাওয়াদাওয়া যেন সম্পূর্ণ হয় না। তবে ইদানীং বাজারের মিষ্টিতে ভেজালের আশঙ্কা অনেক স্বাস্থ্যসচেতন মানুষকেই ভাবিয়ে তুলছে। তাই স্বাদের সঙ্গে পুষ্টির সমন্বয় ঘটাতে অনেকেই খুঁজছেন ঘরোয়া বিকল্প। এমন পরিস্থিতিতে ভাল পছন্দ হতে পারে পাঞ্জাবের (Punjab) ঐতিহ্যবাহী মিষ্টি 'ডোডা বরফি' (Doda Barfi)।
বিশেষত্ব হল, সাধারণ গম নয়—এই মিষ্টির মূল উপাদান অঙ্কুরিত গম (Sprouted Wheat)। সামান্য সময় ও যত্ন নিলেই বাড়িতেই তৈরি করা যায় দোকানের মতো দানাদার ডোডা বরফি।
স্বাস্থ্যকর মিষ্টি বানাতে কী দরকার?
এই মিষ্টি বানাতে প্রয়োজন এক কাপ অঙ্কুরিত গম, দু’লিটার দুধ (Milk), দেড় কাপ চিনি বা গুড় (Sugar or Jaggery), দেড় কাপ দেশি ঘি (Desi Ghee), দুই থেকে তিন চামচ দই (Curd), এক টেবিল চামচ কোকো পাউডার (Cocoa Powder), প্রয়োজন মতো কাজু, পেস্তা ও অন্যান্য শুকনো ফল (Dry Fruits) এবং এক চা চামচ এলাচ গুঁড়ো (Cardamom Powder)।
কীভাবে বানাবেন?
ডোডা বরফি তৈরির আসল কৌশল লুকিয়ে আছে গম প্রস্তুত করার পদ্ধতিতে। প্রথমে শুকনো গম ভিজিয়ে অঙ্কুরিত করে নিতে হবে। এরপর সেই অঙ্কুরিত গম শুকিয়ে মিক্সিতে হালকা ভেঙে নিতে হবে। খেয়াল রাখতে হবে, এটি যেন আটার মতো মিহি না হয়। দালিয়ার মতো খানিকটা দানাদার (Granular Texture) থাকাই ভাল।
এরপর একটি ভারী পাত্রে দু’লিটার দুধ জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে অঙ্কুরিত গমের ওই মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে লাগাতার নাড়তে হবে। ধীরে ধীরে দুধ কমে অর্ধেকের নিচে নেমে এলে তাতে সামান্য টক দই মেশাতে হবে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। দই দিলে দুধ পুরোপুরি ছানা হয়ে যায় না, বরং ছোট ছোট দানা তৈরি হয়। এই দানাদার ভাবই ডোডা বরফির বিশেষ আকর্ষণ।
এরপর মিশ্রণের মধ্যে দেড় কাপ চিনি বা গুড় এবং রঙের জন্য এক চামচ কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে এলে তাতে আধ কাপ দেশি ঘি ঢালতে হবে। ঘি পড়লে মিশ্রণ কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করবে, আর স্বাদও হবে আরও সমৃদ্ধ।
শেষ ধাপে এলাচ গুঁড়ো এবং কুচোনো কাজু, বাদাম ও পেস্তা মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন দেখা যাবে পুরো মিশ্রণটি মণ্ডের মতো পাকিয়ে এসেছে, তখন গ্যাস বন্ধ করে ঘি মাখানো একটি থালায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে আরও কিছু শুকনো ফল ছড়িয়ে হালকা চাপ দিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা ঠান্ডা হতে রাখতে হবে।
পুরো মিশ্রণ জমে গেলে নিজের পছন্দমতো চৌকো বা বরফি আকারে কেটে পরিবেশন করা যায়। অঙ্কুরিত গম দিয়ে তৈরি এই ডোডা বরফি যেমন পুষ্টিকর, তেমনই প্রতিটি কামড়ে মিলবে হালুইকরদের (Halwai Style) হাতের সেই চিরচেনা স্বাদ।