অষ্টমীর ভোগ মানেই খিচুড়ি আর লাবড়ার সেই অপূর্ব স্বাদ, যা খেলে পেট ও মন দুই-ই ভরে যায়। এই খিচুড়ি আর লাবড়া (Khichuri-Labra) শুধু খাবার নয়, পুজোর আবেগের অংশ। এই পুজোয় চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন অষ্টমীর ভোগ (Ashtami Bhog)।
.jpeg.webp)
ছবি- এআই
শেষ আপডেট: 23 September 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর সকাল মানেই ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভোগের অপেক্ষা। পুজোর (DURGAPUJA 2025) সেরা আনন্দ যেন জমে থাকে এই দিনে। সকলে মণ্ডপে যায় অঞ্জলি দিতে, তার পরেই সবাই ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। অষ্টমীর ভোগ মানেই খিচুড়ি আর লাবড়ার সেই অপূর্ব স্বাদ, যা খেলে পেট ও মন দুই-ই ভরে যায়। এই খিচুড়ি আর লাবড়া (Khichuri-Labra) শুধু খাবার নয়, পুজোর আবেগের অংশ। এই পুজোয় চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন অষ্টমীর ভোগ (Ashtami Bhog)। খিচুড়ি আর লাবড়া বানানোর এই সহজ রেসিপি (Durga Puja Recipe) আপনার কাজে আসবে।
খিচুড়ি
উপকরণ:
গোবিন্দভোগ চাল (১ কাপ)
মুগ ডাল (½ কাপ)
ঘি
আদা বাটা
জিরে বাটা
কাঁচালঙ্কা
গরম মশলা গুঁড়ো
হলুদ
নুন
মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিন যতক্ষণ হালকা বাদামি না হয়। তারপর ধুয়ে নিন। কড়াইতে সামান্য ঘি দিয়ে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিন। এবার ডাল, চাল, আদা-জিরে বাটা দিয়ে নাড়ুন। প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন এবং স্বাদমতো লবণ ও হলুদ মিশিয়ে দিন। খিচুড়ি সিদ্ধ হলে গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন।
লাবড়া
উপকরণ:
আলু
কুমড়ো
বাঁধাকপি
বেগুন
শিম
মিষ্টি আলু (যে সবজি চান ব্যবহার করতে পারেন)
সর্ষে বাটা
জিরে বাটা
হলুদ
নুন
কাঁচালঙ্কা
প্রথমেই সব সবজি সমান আকারে কেটে নিয়ে ভাল করে ধুয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন ফোড়ন দিন। তাতে সবজিগুলো দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে জিরে বাটা, সর্ষে বাটা, হলুদ, নুন মিশিয়ে সবজির সঙ্গে মাখিয়ে নিন। অল্প জল দিয়ে ঢেকে দিন। সবজি সিদ্ধ হলে একটু ঘি ও কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।
খিচুড়ি আর লাবড়া একসঙ্গে খেলে পুজোর (DURGAPUJA 2025) ভোগের আসল স্বাদ পাওয়া যায়। ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই বিশেষ ভোগ, আর পরিবার-বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন দেবীপক্ষের আনন্দ।