
শেষ আপডেট: 28 April 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর গরম অব্যাহত। বাইরে বের হলেই পিপাসায় গলা শুকিয়ে আসছে। জল খেতে মন চাইছে সারাক্ষণ। এমন হলে পিপাসা মেটাতে বানিয়ে ফেলতে পারেন এই পানীয়। বাড়ি থেকে খেয়ে বের হলে শরীর হাইড্রেটেড থাকবে। বোতলে ভরেও সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে বাজার চলতি কোল্ড ড্রিঙ্ক বা অন্যান্য পানীয় থেকে বিরত থাকা যাবে।
কোন পানীয়র কথা বলা হচ্ছে? মশলা শিকাঞ্জি। রাস্তায় প্রচুর পাবেন কিন্তু জলের গুণগত মান বা কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেটা দেখে নিতে হবে। এসব ঝামেলা এড়িয়ে যেতে বাড়ি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। শুধু লাগবে বড় দুটো পাতি লেবু, চিনি (স্বাদ মতো), বিট নুন (স্বাদ মতো), জিরে (ভাজা), পুদিনা পাতা, জলজিরা, বরফ (চাইলে)।
প্রথমে লেবুর রস বের করে একটি পাত্রে রেখে দিন। ভাজা জিরে গুঁড়ো করে নিন। এবার একটি গ্লাসে প্রথমে লেবুর রস দিয়ে চিনি ও নুন দিয়ে মিশিয়ে নিন। তারপর পুদিনা পাতা একটু থেঁতো করে ও ভাজা জিরে দিয়ে মিশিয়ে নিন। শেষে জল ও বরফ দিয়ে নিন। পরিবেশনের সময় উপর থেকে দিয়েদিন জলজিরা।
এটা গন্ধরাজ লেবু দিয়েও বানাতে পারেন, তাতে খেতে আরও ভাল লাগবে। সেক্ষেত্রেও যেমন টক চান, সেই বুঝে লেবুর রস দেবেন।
এই পানীয় স্বাস্থ্যকর। পেট ভাল রাখবে। খাবার হজম করতে সাহায্য করবে। যদি কারও চিনি খেতে ইচ্ছে না করে সুগারফ্রি জাতীয় কিছু বা গুড় অ্যাড করতে পারেন। যদি একটু অন্যরকম স্বাদ পছন্দ হয়, তাহলে জলের বদলে সোডা বা যেকোনও কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিতে পারেন।