চার মাসে ২৫ কেজি ওজন কমিয়ে তিনি জানালেন নিজের অভিজ্ঞতা। কী শিখলেন তাও শেয়ার করলেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 August 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানো এক দিনের কাজ নয়। এর জন্য দরকার কঠোর শৃঙ্খল, নিয়মিত ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাস। অনেক সময় জীবনযাত্রা আমূল বদলাতে হয়। তবে সঠিক পদ্ধতিতে এগোলে ফল মেলে, এমনই বলছেন ফিটনেস ইনফ্লুয়েন্সার আমাকা। চার মাসে ২৫ কেজি ওজন কমিয়ে তিনি জানালেন নিজের অভিজ্ঞতা। কী শিখলেন তাও শেয়ার করলেন।
আমাকা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যার ক্যাপশনে লেখা, 'থিঙ্গস আই লার্ন্ড অন মাই ২৫ কেজি ওয়েটলস জার্নি দ্যাট নো ওয়ান অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট।' সেখানে তিনি প্রথমেই উল্লেখ করেছেন, কেবলমাত্র ওজন মাপার যন্ত্রের উপর নির্ভর করা উচিত নয়। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ স্কেলের সূচক না নড়লেও, জামাকাপড় ঢিলা হতে থাকে, কোমর সরু হয়। তাই নতুন ছবি তুলে প্রগ্রেস মাপার উচিত।
দ্বিতীয়ত, খিদে পাচ্ছে মানেই সঙ্গে সঙ্গে খাবার খাওয়া নয়। একটু খিদে লাগলেই বার বার খাবার খেতে হবে, এমন কোনও নিয়ম নেই। তৃতীয়ত, পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। ঘুম কম হলে খিদে বাড়বে ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়ে যাবে। আর এর সঙ্গেই ব্যায়ামও জরুরি।
'কনসিসটেন্সি বিটস পারফেকশন' অর্থাৎ শতভাগ নিখুঁত ডায়েট নয়, বরং ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল বলে মনে করেন তিনি। আর কেবল কার্ডিও নয়, ওয়েট ট্রেনিং শরীরের গড়ন পাল্টাতে বড় ভূমিকা রাখে। এর ফলে শরীরের আকৃতি আরও শেপড হয়, মেটাবলিজম বাড়ে।
চিনি ছাড়া ছিল তাঁর যাত্রার মোড় ঘোরানো সিদ্ধান্ত। সফট ড্রিঙ্কস, মিষ্টি, পেস্ট্রি বাদ দেওয়ার পর বিশেষত পেটের মেদ দ্রুত কমতে শুরু করে। আর শেষ শিক্ষাটি মানসিক শক্তি নিয়ে, অনুপ্রেরণা সব সময় থাকে না, কিন্তু শৃঙ্খলাবোধই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে।
আমাকার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেউ লিখেছেন, 'আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, তোমার পোস্ট পড়ে আবার ভরসা ফিরে পেলাম।' কেউ আবার মন্তব্য করেছেন, 'এটাই এখন পর্যন্ত সেরা পরামর্শ।'
এই অভিজ্ঞতা প্রমাণ করে, ওজন কমানোর পথ একেবারেই সোজা নয়। কিন্তু সঠিক মানসিকতা, নিয়মিত অনুশীলন ও সঠিক খাবারের মাধ্যমে লক্ষ্যপূরণ সম্ভব।