
শেষ আপডেট: 19 September 2022 03:03
দ্য ওয়াল ব্যুরো: হাত দিয়ে ছবি আঁকা (painting) তো সাধারণ ব্যাপার। এখনও পর্যন্ত হাত ছাড়াও পা কিংবা মুখে তুলি ধরে ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু ছবি আঁকার বিষয়ে কাঁচরাপাড়ার বাসিন্দা রনি বিশ্বাসের (Roni Biswas) প্রতিভা (talent) দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে! মুখ নয়, তুলিও নয়, শুধু জিভ (tongue) দিয়েই অত্যন্ত কম সময়ে দুর্দান্ত ছবি আঁকার (paints) বিরল প্রতিভার অধিকারী রনি।
রনি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া শহীদপল্লীর বাসিন্দা। হাত দিয়ে ছবি আঁকতে দীর্ঘদিন ধরেই পটু তিনি। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, গায়ক অরিজিৎ সিং, কেকে, মাদার টেরেজা সহ বহু বিখ্যাত ব্যক্তিত্বের ছবি ইতিমধ্যেই এঁকে ফেলেছেন রনি। তাঁর ঘরে পা দিলেই চাক্ষুষ করা যায় সেসব ছবি। সেই সব ছবির সূত্রে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে রনির। কিন্তু রনির ইচ্ছে ছিল নতুন কিছু করে দেখানোর। সেখান থেকেই জিভ দিয়ে ছবি আঁকার ভাবনা।
কিন্তু জিভ দিয়ে ছবি আঁকতে গেলে মুখের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটাই ছিল রনির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুখের ভিতর রং না প্রবেশ করিয়েও কী ভাবে জিভ দিয়ে ছবি আঁকা যায়, তা দেখিয়ে দিয়েছেন রনি। সেই প্রচেষ্টায় রনির আঁকা প্রথম ছবিটি বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। মাত্র ২ মিনিটে উল্টো করে জিভ দিয়ে সেই ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কাঁচরাপাড়ার এই তরুণ শিল্পী।
ছেলের অভাবনীয় প্রতিভায় খুশি রনির বাবা-মা। রনির বাবা রমেশ বিশ্বাস পেশায় একজন ছোট ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, ছেলের এই বিরল প্রতিভাকে বাঁচিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা তিনি সবসময় করে যাবেন। সেই প্রতিভার আরও বিকাশ ঘটানোর জন্য যথাসম্ভব আর্থিক সাহায্য তিনি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
৬ বছরের মেয়েকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ তরুণীর, মর্মান্তিক পরিণতি দু’জনেরই