এতকিছু মধ্যেও মনের সাগরে ঢেউ তুলে দেয়, যখন এগুলো হাতেকলমে দেখেই মনে হয়, এমন সব গ্যাজেট তৈরির ভাবনা কার মাথায় এল?

আমেরিকার লাস ভেগাসে চলা এবারের CES-এ তেমনই কিছু আজব, কৌতূহলোদ্দীপক প্রযুক্তি নজর কাড়ছে।
শেষ আপডেট: 8 January 2026 12:36
দ্য ওয়াল ব্যুরো: CES 2026 মানেই বিশ্বব্যাপী প্রযুক্তিদানোদের পিলে চমকে দেওয়া আবিষ্কার ও উদ্ভাবনী ভাবনার নতুন নতুন চমক। কিন্তু, এতকিছু মধ্যেও মনের সাগরে ঢেউ তুলে দেয়, যখন এগুলো হাতেকলমে দেখেই মনে হয়, এমন সব গ্যাজেট তৈরির ভাবনা কার মাথায় এল?
আমেরিকার লাস ভেগাসে চলা এবারের CES-এ তেমনই কিছু আজব, কৌতূহলোদ্দীপক প্রযুক্তি নজর কাড়ছে। কোথাও স্পর্শেই সাড়া দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার পান্ডা, কোথাও আবার সাড়ে পাঁচ ইঞ্চির Animated Holographic Desk Companion। প্রযুক্তি আর কল্পনার সীমারেখাকে ছুঁয়ে যাওয়া এই সব গ্যাজেট নজর কেড়েছে এই বিশ্ব প্রযুক্তি মেলায়।
গেমিং দুনিয়ার পরিচিত নাম Razer এবার হাজির করেছে এক অদ্ভুত প্রযুক্তি, যার নাম Project AVA। গত বছর যেখানে এটি ছিল ই-স্পোর্টসের জন্য এআই কোচ, সেখানে এবার সেটিই রূপ নিয়েছে ৫.৫ ইঞ্চির অ্যানিমেটেড হলোগ্রাফিক ডেস্ক কম্প্যানিয়নে। এই এআই সহকারী গেমিং কৌশল শেখানো থেকে শুরু করে দৈনন্দিন কাজ গুছিয়ে দেওয়া, এমনকী ব্যক্তিগত পরামর্শও দিতে পারে। ব্যবহারকারী চাইলে চরিত্র বেছে নিতে পারেন, অ্যানিমে গার্ল Kira বা পেশিবহুল Zane।
চরিত্রগুলোর চোখের নড়াচড়া, মুখভঙ্গি, ঠোঁটের কম্পন, সবই বাস্তবসম্মত। তবে সবচেয়ে আলোচিত বিষয়টি হল, এর নিরন্তর পর্যবেক্ষণ ক্ষমতা। বিল্ট-ইন ক্যামেরার মাধ্যমে এটি আপনাকে এবং আপনার স্ক্রিনকে সবসময় নজরে রাখে। ভাবনাটা একটু অস্বস্তিকর হলেও, আপাতত এটি কনসেপ্ট পর্যায়েই রয়েছে, বাজারে আসবে কি না, তা নিশ্চিত নয়।
বয়স্কদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তৈরি হয়েছে Mind with Heart Robotics-এর এআই পেট An’An। দেখতে একেবারে আদুরে শিশু পান্ডা হলেও, এর ভেতরে লুকোনো রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এর শরীরজুড়ে সেন্সর থাকায়, ছুঁলেই স্বাভাবিক প্রতিক্রিয়া দেয় An’An। এর ইমোশনাল এআই ব্যবহারকারীর কণ্ঠস্বর, আচরণ ও পছন্দ মনে রাখে। যত বেশি সময় কাটানো হয়, ততই ব্যক্তিগত হয়ে ওঠে এই পান্ডা। ২৪ ঘণ্টা সঙ্গ দিয়ে একাকিত্ব কমানোই এর মূল লক্ষ্য। পাশাপাশি স্মৃতিভ্রংশে ভোগা বয়স্কদের দৈনন্দিন কাজ মনে করিয়ে দেওয়া, আর দেখাশুনা করার পরিচারক-পরিচারিকার কাছে তাঁদের শারীরিক-মানসিক অবস্থার আপডেট পৌঁছে দেওয়াও এর কাজ।
স্মার্ট হোম ব্র্যান্ড GoveeLife এনেছে এক অভিনব Smart Nugget Ice Maker Pro। এর বিশেষত্ব—এআই ব্যবহার করে শব্দ কমানো। সংস্থার পেটেন্ট করা AI NoiseGuard প্রযুক্তি বুঝে নেয়, কখন মেশিনে বরফ জমে বিরক্তিকর শব্দ হতে পারে। তখনই নিজে থেকেই ডিফ্রস্ট করে নেয়, শব্দ হওয়ার আগেই। মাত্র ছয় মিনিটে বরফ তৈরি করতে সক্ষম এই যন্ত্র দিনে সর্বোচ্চ ৬০ পাউন্ড বরফ বানাতে পারে। দাম অবশ্য বেশ চড়া—৪৯৯.৯৯ ডলার। ১৫ জানুয়ারি থেকে অ্যামাজন, ওয়ালমার্ট ও বেস্ট-এ পাওয়া যাবে।
রান্নাঘরের জন্যও হাজির হয়েছে অদ্ভুত প্রযুক্তি। Seattle Ultrasonics-এর এই ছুরি প্রতি সেকেন্ডে ৩০ হাজারের বেশি বার কম্পন সৃষ্টি করে। ফলে ধার খুব বেশি না হলেও, খাবারের ভেতর দিয়ে অনায়াসে কেটে যায়। সবজি, মাংস বা পাউরুটি, সবই কাটবে সহজে। কোম্পানির দাবি, এই কম্পন এতটাই সূক্ষ্ম যে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, এমনকী হাতেও তেমন অনুভূত হয় না। দাম ৩৯৯ ডলার, আপাতত প্রি-অর্ডারেই সীমাবদ্ধ রয়েছে বিক্রি।
চলচ্চিত্রপ্রেমীদের মনে পড়তেই পারে WALL-E-র কথা। সেই আদলেই Zeroth Robotics এনেছে W1 রোবট। ৪,৯৯৯ ডলারের এই রোবট ২৪ ঘণ্টার এআই নিরাপত্তা, ৩৬০ ডিগ্রি মোবাইল নজরদারি ও স্মার্ট হোম অ্যালার্ট দিতে পারে। শুধু তাই নয়, বেড়াতে গেলে আপনার জিনিসপত্র বহন করবে, ছবি তুলবে, এমনকী চলার পথে বিনোদনের জন্য স্ফূর্তি জোগাবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়— WALL-E-র মতো আবর্জনা পরিষ্কারের ক্ষমতা কি এর আছে? সে বিষয়ে সংস্থা এখনো কিছু বলেনি।
CES (Consumer Electronics Show) 2026 বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক প্রযুক্তি প্রদর্শনী। আয়োজন করে Consumer Technology Association (CTA)। লাসভেগাসে অনুষ্ঠিত এবারের ইভেন্টে মূল ফোকাস— Artificial Intelligence এবং বাস্তব জগতের সংযোগ: রোবোটিক্স, অটোমোটিভ প্রযুক্তি ও ডিজিটাল হেলথ। এটি শুরু হয়েছে ৬ জানুয়ারি, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এই অনুষ্ঠানে প্রায় ৪,১০০-র বেশি অংশগ্রহণকারী কোম্পানি ও প্রায় ১,৩০০ জন বক্তা থাকছেন। প্রযুক্তির ভবিষ্যৎ যে শুধু প্রয়োজনীয় নয়, কখনও কখনও অদ্ভুত আর মজারও হতে পারে— CES 2026 তারই প্রমাণ।