
শেষ আপডেট: 30 April 2023 10:20
দ্য ওয়াল ব্যুরো: 'গো টু হেল!'
চলতি কথায় এমন একটা-দু'টো ইংরেজি শব্দ প্রায়ই বলে থাকি আমরা। কখনও মাথা গরম করে কারও উপর এই কথা ব্যবহার করেননি, এমন মানুষ হয়তো বিরল। সে যাই হোক, এই বাক্যের বাংলা করলে দাঁড়ায় কী? 'নরকে যাও'। নরক আবার কোথায়! মিথ অনুযায়ী, মৃত্যুর পর মানুষ শাস্তি পেতে যেখানে যায়, নাকি মানুষের তৈরি অন্ধকার দুনিয়াই সেই নরক, বা হেল!

তবে সেই নরকে যাওয়ার জন্য আর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বেঁচে থাকতেই যাওয়া যাবে 'হেল'-এ। কারণ হেল আসলে মোটেই নরক নয়, মনোমুগ্ধ করা একটা পর্যটন গ্রাম (beautiful little village)। সেন্ট্রাল নরওয়ের (Norway) সুন্দর ছোট্ট গ্রামের নাম 'হেল'। অবাক হচ্ছেন! ভাবছেন, পাহাড় ঘেরা সুন্দর ছোট্ট একটা গ্রামের নাম হেল কী করে হতে পারে!

নরওয়ের এই গ্রামে ঝুলন্ত পাহাড়ের গুহাগুলির নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে 'হেল'। আবার নরওয়েজিয়ান ভাষায় হেল শব্দের অর্থ হল, লাক। অর্থাৎ ভাগ্য। তাই এর পর যদি আপনার ভাগ্য বদলানোর ইচ্ছে হয়, তাহলে নির্দ্বিধায় 'গো টু হেল'!

সেন্ট্রাল নরওয়ের হালসেন জেলায় অবস্থিত এই গ্রাম। ২৬০ একর জমির উপর এই গ্রাম অবস্থিত। দুটো পোস্ট কোড আছে এই গ্রামে, ৭৫১৭ এবং ৭৫৭০। এছাড়াও এই গ্রামে আছে গ্রসারি স্টোর, গ্যাস স্টেশন। ১৯৯৫ সালের আগে এই গ্রামে যাওয়ার আলাদা কোনও রাস্তা ছিল না। তবে নতুন রাস্তা বানানোর পর অনায়াসে মানুষ এই গ্রামে যেতে পারেন।

এই গ্রামের জনসংখ্যা এখন ১,৬০০। আছে স্টেশন, পোস্ট কার্ড, স্কুল, কলেজ, ট্রান্সপোর্ট ব্যবস্থা। হেল স্টেশন থেকে ট্রেনও ধরা যায়, নরওয়ের অন্য প্রান্তে যাওয়ার জন্য। নরওয়ের এই নরকের স্কুলে পড়াশোনা হয়। নরকের রেস্তোরাঁয় খেতেও পারবেন চাইলে। শুধু তাই নয়, এই ছোট্ট গ্রামে নেই কোনও অ্যাক্সিডেন্টের রেকর্ড। মানুষ এখানে সুখে বাস করেন। 'ক্রাইম' নামক শব্দটারও এখানে কোনও অস্তিত্ব নেই।

তবে শীতকালে এই গ্রামের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। পুরো গ্রাম বরফে ঢেকে যায়, মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে। সেসময় এই গ্রামের মানুষদের সত্যিই 'নরক যন্ত্রণা' সহ্য করতে হয়। পৃথিবীর মানুষ বসবাস করা শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম এই গ্রাম। সম্প্রতি নরওয়ের হেল গ্রাম একটি পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। মানুষ এই সুন্দর গ্রামে ঘুরতে আসেন। এবং মজার ছলে নানা ছবিও পোস্ট করেন।
আপন খেয়ালে যেন বয়ে চলেছে আস্ত রামধনু! প্রকৃতির বিস্ময় কলম্বিয়ার সাতরঙা নদী