শেষ আপডেট: 25 October 2020 13:10
রাজ, শুভশ্রীর কোলে যুবানের ছবি তো ইতিমধ্যেই ভাইরাল ইনস্টাগ্রামে। মা ও বাবার কোলে শুয়েই প্রথমবার দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলিও দিল যুবান!
ইনস্টাগ্রামে রাজ জানান, " দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উদযাপন থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না । শুভশ্রীর বোনের বাড়িতে দুর্গাপুজো হয়। সমস্ত নিয়ম মেনে আমরা পুজো কাটাচ্ছি এখানে। যুবানের সঙ্গে এটাই আমাদের প্রথম পুজো। আমাদের অঞ্জলি দেওয়ার মুহূর্তের ছবি তাই ভাগ করে নিলাম সকলের সঙ্গে। "
ছবিতে দেখা যাচ্ছে যুবানের হাতেও ফুল! বাবার কোলে শুয়ে সে। সাদা পাঞ্জাবি ধুতিতে বাবার মতোই সেজে অঞ্জলি দিচ্ছে সে। ছোট থেকেই আদরের ছেলেকে বাঙালির রীতি রেওয়াজ শেখাচ্ছেন রাজ, শুভশ্রী তা স্পষ্ট বোঝাই যাচ্ছে।
সকল বাঙালিদের মতো অষ্টমীর দুপুরে ভোগ প্রসাদ খেয়েছেন রাজ, তার ছবিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। বড় কাঁসার থালায় খিচুড়ি, বেগুন, পটল, কুমড়ো ভাজা আর একাধিক তরি-তরকারি দিয়ে জমিয়ে পেটপুজো করছেন তিনি বোঝাই যাচ্ছে।
কয়েকদিন আগেই রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন তিনি।মাঝখানের কয়েকদিন অসুস্থতার জন্য ছেলের থেকে বাধ্য হয়ে দূরে থাকতে হয় তাকে। একটু সুস্থ হওয়ার পর ছেলেকে যে নিজের কোল-ছাড়া করছেন সেটা তার ছবি দেখলেই বোঝা যাচ্ছে।