শেষ আপডেট: 19 November 2020 13:31
শুধুমাত্র ফ্যাশন ডিজাইনার হিসেবেই আর সীমাবদ্ধ নেই মাসাবার কেরিয়ার। বহুমুখী প্রতিভার অধিকারী মাসাবা নীনা গুপ্তা আর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার রিচার্ডের কন্যা। মাসাবা তাঁর কেরিয়ারের শুরু থেকেই পেয়েছেন লাইমলাইট। তাঁর স্বতন্ত্র স্টাইল, ফ্যাশন সেন্স তাঁকে করে তুলেছে আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম আইকন।
করোনা আবহে মানুষকে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সময় করোনা যোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছেন মাসাবা। করোনা যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যে সকল পুলিশরা দিন রাত এক করে কাজ করছেন তাঁদের জন্য তিনি বাজারে এনেছেন নন সার্জিক্যাল, ডিজাইনার মাস্ক। যা প্রয়োজনে ধোয়াও যাবে।
পাশাপাশি তিনি জানান যে তাঁর ফ্যাশন ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ডিজাইনার মাস্ক। সেই মাস্ক বিক্রির টাকাও যাবে করোনা যোদ্ধাদের জন্য, একথা মাসাবা নিজেই জানান। তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, "এতদিন আমি মহিলাদের জন্য পোশাক ডিজাইন করতাম। আর এখন ব্যক্তিগত লাভের অঙ্ককে ভুলে গিয়ে পুলিশ কর্মীদের জন্য মাস্ক বানাতে পেরে খুবই ভাল লাগছে।"
মাসাবা গুপ্তা কেবল মাত্র একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে নিজেকে আটকে রাখেননি। ব্যক্তিগত উদ্যোগেই বহুমানুষের সাহায্যে এগিয়ে এসেছেন মাসাবা। সোসাইটিকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন মাসাবা। তিনি যে কেবলমাত্র মাসাবা হাউসের মুখই নন, তিনি এরই সঙ্গে স্বনির্ভর করেছেন বহু মেয়েদের। ঘরে বসে থাকা মেয়েদের রোজগারের পথ খুঁজে দিয়েছেন মাসাবা।
দশবছর ধরে মাসাবা এগিয়ে চলেছেন ফ্যাশন দুনিয়াতে। তিনি যে শুধুমাত্র নিজেরই জয়যাত্রা করছেন এমনটা নয়, একসঙ্গে বহু মেয়েদের স্বপ্নও পূরণ করছেন মাসাবা। বর্তমানে মাসাবাকে ওয়েব সিরিজে অভিনয় করতেও দেখা গেছে। সেখানেও তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।