প্রিন্সেস ডায়ানার বিয়ের গাউনের কাহিনি! রাজকুমারী নিজেই কথা বলেছিলেন ডিজাইনারের সঙ্গে
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে গোটা পৃথিবীতে নেটফ্লিক্সের 'দ্য ক্রাউন' সিরিজটির বেশ ট্রেন্ড রয়েছে। আর তার পেছনের কারণটি হল এই সিরিজে দেখানো হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের ছবি। যা স্বাভাবিকভাবেই দর্শকদের মনকে আকর্ষণ করেছে। 'দ্য ক্রাউন'-এর চ
শেষ আপডেট: 25 November 2020 12:35
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে গোটা পৃথিবীতে নেটফ্লিক্সের 'দ্য ক্রাউন' সিরিজটির বেশ ট্রেন্ড রয়েছে। আর তার পেছনের কারণটি হল এই সিরিজে দেখানো হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের ছবি। যা স্বাভাবিকভাবেই দর্শকদের মনকে আকর্ষণ করেছে। 'দ্য ক্রাউন'-এর চতুর্থ সিজনে দেখানো হয়েছে প্রয়াত রাজকুমারী ডায়ানা ওয়েলসের জীবন, তাঁর প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে ইত্যাদি। তাঁদের রূপকথার মতো বিয়ে আর বিয়েকে ঘিরে গড়ে ওঠা নানা ঝামেলার ছবিও ফুটে উঠেছে এই সিরিজে।
ডায়ানার জীবনের অন্যান্য ঘটনার সঙ্গে সঙ্গেই গুরুত্ব পেয়েছে ডায়ানার বিয়ের দিনের গাউনটিও! ডায়ানার বিয়ের পোশাককে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। ১৯৯১ সালের ২৯ জুলাই সেন্ট পলস ক্যাথিড্রালে বসেছিল ডায়ানা আর চার্লসের বিবাহবাসর। সেই দিন রাজকুমারী সেজেছিলেন আইভরি সাদা গাউনে, যে দৃশ্যের ছবি আজও মানুষের মনে গেঁথে রয়েছে।

দ্য ক্রাউনের এই সিজনে, ডায়ানার ভূমিকাতে অভিনয় করছেন এমা কররিন। তিনি এর আগে বলেছেন যে প্রিন্সেস ডায়ানার বিয়ের গাউনের রেপ্লিকা বানানো হয় তাঁর জন্য। যেটা সামলাতে তাঁকে ১০ জন মিলে সাহায্য করেছেন।
প্রিন্সেস ডায়ানার বিয়ের গাউনটি ডিজাইন করেন ডেভিড আর এলিজাবেথ ইম্যানুয়েল মিলে। ডেভিড আর এলিজাবেথ একই সঙ্গে হ্যারো স্কুল অফ্ আর্টে পড়াশোনা করেন। এর পর তাঁরা বিয়ে করেন এবং ১৯৭৭ সাল থেকে ' ইম্যানুয়েল সেলুন' নামে নিজেদের একটি ফ্যাশন হাউস তৈরি করেন। কেরিয়ারের একেবারে শুরুতে ডেভিড রয়্যাল ফ্যাশন ডিজাইনার হার্ডি অ্যামিজের সঙ্গে কাজ করেন। হার্ডি ১৯৫০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের পোশাক বানানোর দায়িত্ব নেন।

ডেভিড ' ওম্যান ওন' কে ২০১৬ সালে জানান যে প্রিন্সেস ডায়ানা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। আর তাঁর বিয়ের পোশাক বানানো র জন্য ডেভিডের থেকে সময় চেয়ে নেন দেখা করবার জন্য। যদিও এর আগে ডায়ানা বিয়ের জন্য তিন চারটে গাউন পেয়েছেন বলে জানান ডেভিড।
এলিজাবেথ ইম্যানুয়েল বলেন যে, "ফ্যাশন মোটেও তাঁর জিনিস ছিল না। তিনি বাধ্য হয়েই সেজেছিলেন ওই দিন। আমরা চেয়েছিলেন এমন পোশাক যা সকলেই মনে রাখবে আর ডায়নারও পছন্দ হবে। আমরা জানতাম বিয়ে হতে চলেছে সেন্ট পলস ক্যাথিড্রালে। আমরা চেয়েছিলাম পোশাকে একটু 'ড্রামাটিক টাচ' দিতে।"

সেই সময় গাউনটি তৈরি করা হয় আইভরি সিল্ক তাফেতা দিয়ে। এর নেকলাইন আর স্লিভগুলোর ডিজাইন এমন ভাবে করা হয় যাতে সেই সময়ের ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে তা একেবারে মানানসই হয়। এতে হ্যান্ড-এমব্রয়ডারি আর মুক্তো বসানো হয় এমন ভাবে যা একসঙ্গে একটি হার্টের আকার ধারণ করে।
ডায়ানার বিয়ের পোশাক পরে স্বীকৃতি পয়েছে সর্বকালের সবচেয়ে দামী ব্রিটিশ রাজকীয় বিবাহের পোশাক হিসেবে। ২০২০ সালের জুলাইতে ডায়নার প্রাক্তন কিউরেটর জানান যে এই পোশাকটি এখন রয়েছে "ডিউকস অফ সাসেক্স অ্যান্ড কেমব্রিজ"-এর ব্যক্তিগত সংগ্রহে। অর্থাৎ সাধারণ মানুষ আর কোনও দিনই এই পোশাকটিকে দেখতে পাবেন না।