শেষ আপডেট: 22 November 2020 09:53
নিউ নর্মাল দুনিয়ায় ফ্যাশনেও এসেছে আমূল পরিবর্তন। পরিস্থিতির কথা মাথায় রেখেই এমনভাবে স্টাইল করুন, যা থেকে নজর ফেরাতে পারবেন না কেউ। না, এখানে মেয়েদের প্রসঙ্গে কথা হচ্ছে না।সামনের বিয়ের মরশুমে ছেলেরা কীভাবে স্টাইল করবেন সেই নিয়েই থাকবে কিছু টিপস। দেখে নিন -
স্টাইল এক্সপার্টরা বলছেন এবছর হালকা প্যাস্টেল রঙই ফ্যাশনে ইন। ছোট ঘরোয়া অনুষ্ঠানে তাই হালকা হলুদ, গোলাপি, হালকা সবুজে তাক লাগাতে পারবেন এবছর। সবসময় মনে রাখবেন "লেস ইজ মোর"।
এবছর সবচেয়ে প্রয়োজনীয় অ্যাকসেসরিজটাই হল মাস্ক। যেটা পরাটা কিন্তু বাধ্যতামূলক। আর এই মাস্কের ফ্যাশনেও আপনি চমকে দিতে পারেন সকলকে। বাজারে এখন নানা রকম সুতি, সিল্কের মাস্ক পাওয়া যাচ্ছে। বিয়ের জন্য রঙিন এমব্রয়ডায়রি কাজ করা মাস্ক পরতে পারেন।
ফ্লোরাল, প্রিন্টেড শার্টের কথা এই বিয়ের মরশুমে ভুলে যান। বদলে পরুন শার্ট কুর্তা, শর্ট কুর্তা। এটাই এবছর ফ্যাশন ট্রেন্ডে একনম্বর। সারাদিন পরে থাকলে কমফর্টেবলও থাকবেন।
শীতকাল মানেই যে শীতবস্ত্র মানে সোয়েটার গায়ে চাপাতে হবে এর কোনও মানে নেই। তার বদলে ব্লেজার বা জ্যাকেট পরুন। যেমন হালকা রঙের শার্ট পরলে, তার সঙ্গে ডার্ক রঙের জ্যাকেট পরুন। আবার ওয়েস্টার্ন লুক তৈরি করতে চাইলে লিনেন জ্যাকেট পরতে পারেন।
সাজে সবার প্রথমেই চোখ যায় জুতোর দিকে। খেয়াল রাখবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ট্রাডিশনাল পোশাকে সাজতে চাইলে তার সঙ্গে কোলাপুরি চপ্পল পরতে পারেন।
নজরকাড়া গয়না ছেলেরাও পরতে পারেন। সেটাই এখন নতুন ফ্যাশন। পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নিন। ব্রোচ, ব্রেসলেট, ঘড়ি, আংটি এগুলো তো পরতেই পারবেন। এমনকি ট্রাডিশনাল পোশাক পরলে তার সঙ্গে ওড়নাও নিতে পারেন।