
শেষ আপডেট: 30 May 2023 13:49
দ্য ওয়াল ব্যুরো: সদ্যই হাত ধরেছেন তাঁর। নামটা জেফ বেজোস (Jeff Bezos)। ইলন মাস্ককে বাদ দিলে দুনিয়ার সবচেয়ে ধনবান ব্যক্তি। আমাজনের কর্ণধার বেজোস সম্প্রতি এমি-পুরস্কারে সম্মানিত সাংবাদিক লরেন স্যাঞ্চেজের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন (Jeff Bezos celebrates engagement)। 'প্রোপোজ' করেছেন তাঁর বিখ্যাত বিলাসবহুল ইয়ট বা প্রমোদতরীতে। এবার এক ফ্যাশন ম্যাগাজিনের খবর, পাম বিচের এক বিলাসবহুল রেস্তোরাঁতে তাঁরা তাঁদের বন্ধন 'সেলিব্রেট' করেছেন। তাও আবার ৪০০০ ডলারের একটা ওয়াইনের বোতলের সঙ্গে।
কী কী অর্ডার করেছিলেন তাঁরা? সে খবরও পাওয়া যাচ্ছে। শুধু জেফ আর লরেন একাই নন। সঙ্গে ছিলেন জেফের বোন ক্রিস্টিনা এবং তাঁর স্বামী স্টিভ পুর। রীতিমত রেস্তোরাঁর সবচেয়ে বিলাসবহুল ও দৃষ্টিনন্দন টেবিলটা ছিল তাঁদের জন্য। যার সামনেই ধু ধু করছে ভূমধ্যসাগর।
তাঁরা অর্ডার করেছিলেন পারমিজান চিজ দেওয়া জুকিনি ব্লসমস, সঙ্গে চার হাজারেরও বেশি ডলারের ডুগাট পাই গ্র্যান্ড ক্রু ফ্রম ডোমেঁ বার্নার্ড, প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দামের বার্গান্ডি রেড ওয়াইন। জেফরা ব্যক্তিগতভাবেই উপভোগ করছিলেন, সেরকম ভিড় হোক চাননি। এক সাংবাদিক বলেছেন, লরেনের হাতে একটি ২০ ক্যারেটেরও বেশি হিরের আংটি দেখা গিয়েছে, যার দাম হতে পারে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার।
রেস্তোরাঁটি বিভিন্ন ব্যান্ডের গাওয়া লাইভ মিউজিকের জন্য বিখ্যাত। সূত্রের খবর, সেই রাতেও নানা জনপ্রিয় গান বেজেছিল জেফদের জন্য। ব্রিটনি স্পিয়ার্সের 'হিট মি বেবি ওয়ান্স মোর', জন ডেনভারের 'টেক মি হোম', শাকিরার 'হিপস ডোন্ট লাই' ইত্যাদি বিখ্যাত নানা গান বেজে গিয়েছে তাঁদের মনোরঞ্জনের জন্য!
আইপিএলের ‘ট্র্যাজিক হিরো’ গিল! হেরেও লড়াই করার বার্তা দিলেন শুভমান