দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন ও সাজগোজের জগতে এক জনপ্রিয় নাম নাইকা। অনলাইন কেনাকাটায় অভ্যস্ত বহু মানুষেরই পছন্দের সাইট এটি। এবার নাইকা নতুন ব্যান্ড 'নাইকেড' লঞ্চ করল। এই ব্র্যান্ডের আওতায় সমস্ত রকমের চেহারার মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে তিরিশটিরও বেশি আলাদা মাপের অন্তর্বাস। শুধু তাই নয়, সঠিক মাপের অন্তর্বাসের খোঁজও দেবে তারাই। একইসঙ্গে ব্রা সংক্রান্ত যে কোনও প্রশ্ন ও সমস্যার সমাধান করার জন্য অনলাইনেই থাকবে তাদের ব্যবস্থা।
লকডাউনের মধ্যে নতুন কিছু লঞ্চ করার কথা অনেক বড় বড় প্রতিষ্ঠানই ভাবতে পারেনি। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে নাইকার নতুন ব্যান্ড 'নাইকেড'। লকডাউনের কারণে তাদের বাজারে আনতে কিছুটা সময় বেশি লেগেছে। কিন্তু এর প্ল্যানিং শুরু হয়েছে প্রায় দু'বছর আগে।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সাতমাস ধরে যে লকডাউন চলেছে তাতে দামী পোশাক কেনাকাটা থেকে বিরত থেকেছেন অনেকেই। কিন্তু দামী পোশাকের তুলনায় মেয়েদের ভাল কাপড়ের অন্তর্বাস, বাড়িতে পরার পোশাকের চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ। যদিও কয়েক মাস দেরি হয়েছে, তবুও এরই মধ্যে বাজারে সাড়া ফেলেছে 'নাইকেড', জানালেন 'নাইকা ফ্যাশন'-এর সিইও অদ্বৈতা নায়ার।
অদ্বৈতা জানান, তাঁরা নাইকা আ্যাপে শুরুর দিকে শুধুমাত্র বিউটি প্রোডাক্ট রাখতেন। পরে নাইকা-ফ্যাশন অ্যাপে ৬০০টি পোশাকের ব্র্যান্ডকে একসঙ্গে নিয়ে তাঁরা কাজ শুরু করেন। এর পাশাপাশি তাঁরা মনে করছেন জামা-কাপড়, বিউটি প্রোডাক্টস অনলাইনে অনেকে নিজের ইচ্ছেমতো ও চাহিদামতো কিনতে পারেন। কিন্তু অন্তর্বাস কেনার জন্য তাঁদের মনে দ্বিধা কাজ করে। কেউ হয়তো ঠিক মাপ বুঝতে পারেন না, কেউ বোঝেন না কোন জামার সঙ্গে কী ধরনের অন্তর্বাস পরা উচিত। তাদের চাহিদা ও প্রয়োজন মেটাতেই তারা 'নাইকেড' নিয়ে এসেছেন বাজারে।
বহু ক্রেতারই অভিযোগ, বেশিরভাগ অনলাইন শপিংয়ের অ্যাপে মেয়েদের আলাদাভাবে সাহায্য করা হয় না। সঠিক পোশাকের মাপ অনেকেই বুঝতে পারেন না। কখনও কখনও ব্র্যান্ড বিশেষে মাপের হেরফের হয়। যেমন আমরা যে ব্র্যান্ডের অন্তর্বাস পরি, সেই ব্র্যান্ডের সাইজ যে অন্য ব্র্যান্ডের সাথে মিলবে এমনটা হয় না। আবার সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের শরীরেও পরিবর্তন আসে। ফলে মাপ না বুঝে অজান্তেই ভুল মাপের অন্তর্বাস পরে অনেকে বিপদ ঘটান।
বেশিরভাগ অন্তর্বাসের বিজ্ঞাপনে দেখা যায়, মেয়েরা শুধু তাঁদের প্রিয়জনকে খুশি করার জন্য বা বিয়ের আগে দামি ব্রা কেনেন। অন্যকে খুশি করার আগে নিজের প্রয়োজনটাকেও যে বেশি প্রাধান্য দিতে হয় এটা অনেকেই বোঝেন না। বিজ্ঞাপনের মাধ্যমে ভুল বার্তাও পৌঁছয়।
অদ্বৈতা জানান, যখন প্রথম নাইকা অ্যাপের মাধ্যমে বিউটি প্রোডাক্ট বিক্রি করতে শুরু করেন, তখন তাঁদের উদ্দেশ্য ছিল কোনও মেয়েকে যেন তাদের চেহারা নিয়ে সমাজের কোন প্রশ্নের সম্মুখীন না হতে হয়। তাঁরা চাননি কেউ 'ফর্সা, স্লিম, সুন্দরী'র লক্ষ্যে দৌড়ক। তারা বরাবরই চেয়েছেন মেয়েরা নিজেদের সবার আগে যেন ভালবাসতে পারে। এই ভাবনাকে কাজে লাগিয়েই মেয়েদের সঙ্গে অন্তর্বাসের জটিল সম্পর্ককে সহজ করার লক্ষ্যে তারা 'নাইকেড' লঞ্চ করেছেন।
অন্তর্বাস যে বিভিন্ন মাপের আসছে শুধু তাই-ই না, সেগুলি এমন কাপড়ের তৈরি যা দীর্ঘক্ষণ পরে থাকলেও কোন অস্বস্তি হবে না। কাপড়ের প্রিন্টের দিকে অত ঝোঁক নেই, যতটা রয়েছে কমফোর্টের দিকে। অদ্বৈতা জানান, কাপড়ের কোয়ালিটি, মেটেরিয়ালের দিকে তাঁরা বেশি গুরুত্ব দিয়েছেন। কখন কী ধরনের ব্রা পরা উচিত তার কথাও উল্লেখ করা থাকবে। অ্যাপে রাখা হবে "ব্রা ফাইন্ডার"। এখানে বেশ কিছু প্রশ্ন করা থাকবে, তার ঠিক ঠিক উত্তর দিলেই আপনাকে সঠিক অন্তর্বাসের সন্ধান দেবে এই অ্যাপ।
অদ্বৈতা জানান, লকডাউন চলাকালীন তাঁদের কারিগররা বেশ খেটেছেন। ব্যাঙ্গালোরে তাদের বেশিরভাগ পোশাক তৈরির কাজ চলছে। পরে তাঁদের মূল অফিসে আসছে। তিনি আরও জানান, এই প্রোডাক্টগুলো মসলিন কাপড়ে প্যাক করে পাঠানোর ব্যবস্থা করছেন। প্লাস্টিক তারা একেবারেই ব্যবহার করেন না। কাগজের বাক্সতেই এই প্রোডাক্টগুলো সবার ঘরে ঘরে পৌঁছবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধু মেয়েদের না, প্রকৃতির কথাও চিন্তা করে তাঁরা কাজ করছেন।