শেষ আপডেট: 19 November 2020 09:20
এক একটা রাজ্যের এক একরকম হস্তশিল্পের ওপরে রয়েছে দক্ষতা। যেরকম রাজস্থানের জয়পুরের চিনামাটির প্রিন্টেড বাসন কিংবা বাংলার পটচিত্র, নকশিকাঁথা! পোশাক, ব্যাগ, কানের দুল, গলার হার থেকে বালিশের কভার এমনকি পায়ের জুতোও এখন বানাচ্ছেন কুটির শিল্পীরা। বেতের ঝুড়ি, বিভিন্নরকমের আলো, ফুলদানি, গালিচা সবই রয়েছে ঘরসাজানোর সরঞ্জামের তালিকাতে।
ভাবছেন তো আপনার বাড়ি ঠিক কী কী জিনিস দিয়ে সাজাবেন! দেখে নিন তো নীচের তালিকার মধ্যে কোন কোনটা আছে আপনার ঘরে
১.জয়পুরের নীল ডিনারপ্লেট
রাজস্থানের জয়পুরে চিনামাটির বাসনের ওপর নানারকম প্রিন্ট করে বিক্রি করার চল রয়েছে। বেশিরভাগটাই নীল রঙের ওপরে। অনেকেই এই পাত্রগুলোকে ঘর সাজাতে ব্যবহার করেন। আবার অনেকে সোজা নিয়ে যান খাবার টেবিলে ডিনার প্লেট হিসেবে। এই ধরনের রাজকীয় প্রিন্টের থালায় খাওয়া-দাওয়া করার মধ্যে একটা আভিজাত্য আছে। এটা আপনার রুচি এবং ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে অতিথিদের কাছে।
২. বাহারি টেবিল ক্লথ
ডিনার টেবিলের সৌন্দর্যকে আরও বেশি করে বাড়িয়ে তুলতে ব্যবহার করতে পারেন টেবিল ক্লথ। তবে এক্ষেত্রে একটু বিবেচনা করে নেওয়া দরকার ঠিক কেমন টেবিল ক্লথ আপনার রুচির সঙ্গে মানানসই হবে! সেক্ষেত্রে ব্লক প্রিন্টের টেবিল ক্লথ বা ফ্লোরাল টেবিল ক্লথ বেছে নিলে মন্দ হবে না।
৩. পটচিত্র
কম খরচে, সুন্দর করে নিজের ঘরের দেওয়ালকে সাজিয়ে তুলতে পারেন পটচিত্রের সাহায্যে। উনিশ শতকের গোড়ার দিকে বাংলাতে এই শিল্পের উত্থান। আজও কালীঘাটের পটুয়া বা পটচিত্র শিল্পীরা দেশে বিদেশে নিজের শিল্পকর্ম রফতানি করে থাকেন।
৪. পাটের গালিচা
বাড়িকে কম খরচে সাজিয়ে তোলার আরও একটি উপাদান হল গালিচা। পাটের গালিচা বাড়ির সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।
৫. কাঁথাসেলাই
বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হল কাঁথা সেলাই। বালিশের কভার থেকে কাঁথা কিংবা চাদরে এই সেলাই বয়ে আনছে যুগের পর যুগ ধরে ঐতিহ্যকে। আপনার শোবার ঘরেরও মাধুর্যকে বাড়িয়ে তোলে এই কাঁথাসেলাইয়ের জিনিসপত্র।