দ্য ওয়াল ব্যুরো: "কী রে! আজ ব্রা পরিসনি? সামনেটা এরকম লাগছে কেন?" ছোটবেলা থেকেই মেয়েদের বুকের দিকে তাকিয়ে থাকে সমাজ। যেন সমস্ত খুঁত, অপরাধ, কৌতূহল সেখানেই লুকিয়ে। টেপফ্রক থেকে ব্রা পর্যন্ত পথচলাটা অনেকেরই সহজ হয় না। কারণ সমাজ চাপিয়ে দিয়েছে, আঁটোসাঁটো করে বুক না বেঁধে মেয়েরা ঘোরাফেরা করতে পারবে না।
অন্তর্বাস নিয়ে সমাজের এই চাপিয়ে দেওয়া বোঝা আবার অনেকে একটু বেশিই ভোগ করেন। কেউ অতি টাইট অন্তর্বাস পরেন, কেউ আবার রাতেও অন্তর্বাস পরে শোন। কেউ আবার আরামের দিকে নজর রাখতে গিয়ে বেশি আলগা অন্তর্বাস কিনে ফেলেন। কিন্তু এতে অনেকেই নিজের বিপদ ডেকে আনছেন। দেখতে ভাল-খারাপ লাগার ঊর্ধ্বে গিয়ে, এই অন্তর্বাস মেয়েদের অতি জরুরি একটি প্রত্যঙ্গের জন্য অতি জরুরি একটি বিষয়। তাই এ নিয়ে সঠিক যত্ন ও ধারণা প্রয়োজন। আসুন দেখে নিই, ডাক্তাররা কী বলছেন।

১. কাপ সাইজ কী তাই অনেকে জানে না। অন্তর্বাসের প্রতিটি সাইজের কাপে এ, বি, সি, ডি ভাগ আছে। ধরুন আপনার বাস্ট লাইন অর্থাৎ স্তনের উপর দিয়ে মাপা পরিধি ৩৬। আর চেস্ট সাইজ অর্থাৎ স্তনের নীচ দিয়ে মাপা পরিধি ৩৪। তাহলে আপনার কাপ সাইজ হবে ৩৬-৩৪=২। এ ক্ষেত্রে ২ অর্থে বি বোঝায়। অর্থাৎ আপনার ব্রায়ের কাপের মাপ বি হবে। এটা না জেনে, দোকানদার যা সাজেস্ট করছে তাই চোখ বুজে বিশ্বাস করে কিনে নিয়ে পরলে কিন্তু সমস্যা। হয়তো ব্রায়ের দুদিকে স্তনের কিছুটা অংশ বেরিয়ে রয়েছে! তার মানে আপনি প্রয়োজনের তুলনায় ছোট কাপের ব্রা পরেছেন। সঠিক সাইজের ব্রা পরলে আপনার স্তন পুরোটা ঢাকা থাকবে, অনেক ফিট লাগবে।

২. ব্রা পরার পরেও কখনও কখনও স্তন ঝুলে থাকে। দেখতে খারাপ লাগা এক্ষেত্রে গৌন, এতে অস্বস্তিও হয়। স্তনের তলা ঘেমে আ্যলার্জিও হতে পারে। যাঁদের স্তন ভারী, তাঁরা এই কারণে কাঁধে ব্যথাতেও ভুগতে পারেন। ফলে যদি মনে হয় ব্রা পরার পর স্তন নিচু হয়ে থাকছে, তাহলে আপনি বড় সাইজের ব্রা পরছেন। দোকানে বা শপিং মলের গিয়ে ট্রায়াল দিয়ে সঠিক সাইজের ব্রা কিনুন। তাতে কমফোর্টেবল ও কনফিডেন্ট থাকবেন।
৩. রাতে শোওয়ার সময় ব্রা খুলে শোবেন। ডাক্তাররা জানাচ্ছেন কিছু মেয়ের ব্রা পরতে পরতে এমন অভ্যাস হয়ে যায় যে তারা রাতেও ব্রা পরে ঘুমান। আবার কখনও ভুলেও যান খুলতে। দীর্ঘক্ষণ ব্রা পরে থাকলে স্তনের রক্ত চলাচলে সমস্যা হয়। পেশিও রিল্যাক্স হয় না। এমনকি এর ফলে ব্রেস্ট ক্যানসারও হতে পারে। আজকাল এমন বহু উদাহরণ পাওয়া গেছে যে দীর্ঘক্ষণ ব্রা পরার কারণে এমনটা হচ্ছে।

৪. একই ব্রা দীর্ঘদিন পরবেন না। সে যে ব্র্যান্ডের যত দামি ব্রা-ই হোক না কেন, নির্দিষ্ট সময় অন্তর বদল করুন ব্রা। সময়ের সঙ্গে সঙ্গে বুকের আকার আকৃতিরও পরিবর্তন হয়। ফলে সময়মতো ব্রায়ের সাইজ বদলে ফেলুন।
৫. প্রত্যেকদিন ব্রা পরার কারণে শরীর ঘামলে সেই ঘাম লেগে থাকে ব্রায়ে। জামাকাপড় নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নিজের অন্তর্বাসের যত্নও নিন। প্রতিদিন কাচা অন্তর্বাস পরা অভ্যেস করুন। কাচার পরে তা রোদে ভাল করে শুকোনোও জরুরি। এ নিয়ে লুকোছাপা অনর্থক।

৬. প্যাডেড ব্রা পরলে অনেকেরই মনে হয় দেখতে সুন্দর লাগে। কিন্তু ডাক্তাররা এই সময় প্যাডেড ব্রা এড়িয়ে যেতে বলছেন। দীর্ঘক্ষণ এই ব্রা পরে থাকলে বুকে রক্ত চলাচলে সমস্যা হয়। হাওয়াও খেলে না। এতে শরীর অসুস্থ হয়ে পড়ে। সুতির বা দামি কাপড়ের ব্রা পরার সাজেশনই দিচ্ছেন তারা। একইসঙ্গে, ব্রায়ের তলায় স্তনকে ধরে রাখার ধাতব ওয়্যারও না থাকাই বাঞ্ছনীয়। বুকের নীচে কেটে বসে যায় এই ওয়্যার। কষ্টকর, ক্ষতিকরও বটে।
৭. যাঁরা খেলাধূলার জগতে আছেন তাঁদের দীর্ঘক্ষণ ব্রা পরে থাকতেই হয়। এবং এক্ষেত্রে অবশ্যই জরুরি ভাল কোম্পানির আরামদায়ক কাপড়ের ও গঠনের স্পোর্টস ব্রা। তবে যাঁরা খেলাধুলোর জগতে না থেকেও দিনভর ব্রা পরে থাকতে এবং দৌড়ঝাঁপ করতে বাধ্য হনস তাঁরাও স্পোর্টস ব্রা পরতে পারেন। এর ফলে স্তন একজায়গায় থাকবে, কষ্টও কম হবে।
