
শেষ আপডেট: 24 May 2019 10:00
১৫০০ মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। তাতে ৪৩ শতাংশ করেছেন কালো রঙের জয়গান। তা হলে বুঝতেই পারছেন, কালোই জগতের আলো। অন্তত ফ্যাশনের দুনিয়াতে। আপনি কালো জামা পরে কাজের ইন্টারভিউ দিতে যান, বড় কোনও প্রেসেন্টেশনে বা প্রথম দিন ডেটে—সবেতেই কালো কিন্তু হিট।
এই সমীক্ষাতেই ২৭ শতাংশ ক্ষেত্রে পুরুষরা বলছেন, তাঁরা প্রথমদিন ডেটে গিয়েছেন কালো রঙ পরে। আর তাতে তাঁদের সম্পর্ক অনেকটাই সফল হয়েছে পরবর্তীকালে। তাই কালোই তাঁদের কাছে হট ফেভারিট। আবার মহিলাদের ক্ষেত্রে রঙটা লাল। সমীক্ষায় দেখা গেল, তাঁরা বলছেন লাল পরলে নিজেদের মধ্যে একটা আলাদা এনার্জি ফিল করেন।
রাতের হুল্লোড় হোক বা কোজ়ি ডিনার, সিলভারই নাকি সেরা। আপনি রাতের কোনও প্রোগ্রামে পরে নিন সিলভার, তাহলেই আপনি হিট থাকবেন বাকিদের মাঝে। আর সকলের চোখও নাকি আপনার দিকেই থাকবে সে সময়ে। আর নিজের বাড়তি মেদ ঝরাতে যখন জিমে ছোটেন, তখন দেখবেন হাতের কাছে নীল কোনও পোশাক আছে কি না! হ্যাঁ, নীল রঙেই আপনার জিম জমে যাবে। অন্তত লোকজনের তো তাই মতামত। সমীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে, আমাদের প্রায় ৭৬ শতাংশ এ ব্যাপারে বিশেষভাবে নজরই দিই না যে, অন্য লোকজন আমাদের পোশাক দিয়েই আমাদের বিচার করে।
৪২ শতাংশ মানুষ নিজেরাই স্বীকার করেছেন, তাঁরা লোকের পোশাক দেখে তাঁদের চরিত্র বিচার করেন। এক্ষেত্রে তাঁদেরই কেউ কেউ বলছেন, যাঁরা সাদা পোশাক বেশি পরেন, তাঁদের ক্ষেত্রে মুখোশ চরিত্র বেশি। অর্থাৎ তাঁরা মুখে এক আর মনে এক। আবার যে সব পুরুষ গোলাপি রঙ সহজে পরেন, তাঁদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেশি থাকে।
সাইকোলজিস্ট ডঃ বেকি স্পেলম্যানের মতে “আমরা যখন কোনও রঙ দেখে প্রতিক্রিয়া দিই, বা মনে মনে সে বিষয়ে ভেবে নিই, তার পেছনে থাকে মানসিক, সাঙস্কৃতিক এবং ঐতিহাসিক কিছু ধারণা। ” উদাহরণ দিয়ে তিনি বলছেন, লাল রঙ মানেই খুব আগ্রাসন বা রাগ বা উত্তেজনা, এই শব্দগুলোই প্রথমে মনে আসে। কারণ এটা রক্তের রঙ। আর রেগে গিয়ে মানুষজন লালও হয়ে যান। তাই এই রঙে এ শব্দগুলোই মনে আসে। আসলে রঙই আমাদের বিষয়ে অনেক কিছু বলে দেয়। তাই কোন রঙের পোশাক পরছি, তা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যাঁরা খুব উজ্জ্বল রঙের পোশাক পরেন, এটা পরিষ্কারভাবে বোঝা যায়, তাঁরা বাকিদের কাছে নজরে পড়তে চান। তাই কে কোন রঙের পোশাক পরছেন, তাতে আমাদের মনের ভাব বোঝা যায় সকলেই।
অতএব কী পরছেন, আর কোথায় পরছেন সেটা কিন্তু মাথায় রেখে পরবেন। কারণ আপনাকে অনুবীক্ষণে রাখা শুরু হয় চৌকাঠ পেরোলেই। নিজেকে নিয়ে তাই সচেতন থাকুন।
আপনার পোশাকের রঙই আপনার ব্র্যাণ্ড।