
শেষ আপডেট: 8 July 2022 14:09
বেনারসি (Benarasi) কিনে ঠকে গেছেন এমন মানুষের সংখ্যা কম নয়। আসলে এখন সিন্থেটিক সুতোয় এতো সুন্দর গেট আপের বেনারসি তৈরি হচ্ছে যে হাতে নিয়েও বোঝা যায় না সেটা পিওর না নকল (Pure and Impure)। তাই সেলসম্যানও ভুল বুঝিয়ে কম দামের সিন্থেটিক বেনারসিকে দামি বেনারসি বলে বিক্রি করে দেন। বাজেট কম থাকলে সিন্থেটিক বেনারসি কেনাই যায়, কারণ এখন এই শাড়িগুলি (Saree) যথেষ্ট ভাল। কিন্তু পিওর কাতান বেনারসি মনে করে বেশি দাম দিয়ে সিন্থেটিক বেনারসি কেনা মানে তো ঠকে যাওয়া। তাই বেনারসি ভাল করে চেনা জরুরি।
বেনারসি চিনতে হলে বাজারে কত ধরনের বেনারসি আছে জানতে হবে। নাহলে আসল নকল তফাত বুঝবেন কী করে? টানাপড়েন বা টানা-বানার বুননে তৈরি হয় বেনারসি শাড়ি। শুধু বেনারসিই নয়, হ্যান্ডলুম বা হাতে বোনা সব শাড়ি তৈরি হয় টানা (লম্বা দিকের সুতো) ও বানার (আড়ে দিকের সুতো) বুননে।
সিন্থেটিক বেনারসি: টানা ও বানা দুটো সুতোই যদি পলি-সিল্কের হয় এবং প্লাস্টিক জরির সুতোয় নকশা বোনা হয়, তাহলে সেটা সিন্থেটিক বেনারসি। সিন্থেটিক শুনে নাক সিঁটকোনোর কোনও কারণ নেই। এখন এই বেনারসির ফিনিশিং এত ভাল হচ্ছে, যে দূর থেকে দেখে বোঝা যায় না এটা সিন্থেটিক। এর দাম মোটামুটিভাবে চার-পাঁচ হাজার থেকে সাত-আট হাজারের মধ্যে।

কাতান বেনারসি: পরের স্টেজে রয়েছে ডবল কাতান বেনারসি। পিওর সিল্ক সুতোর টানা ও পলি সিল্ক সুতোর বানায় বোনা হয় ডবল কাতান বেনারসি। এই বেনারসির গেট আপও যথেষ্ট ভাল। এর জরির রংও একটু অন্যরকম হয়। সাধারণত সিন্থেটিক গোল্ড ও কপার জরির মিশেলে এই বেনারসির নকশা হয়। তাই একটু কপারিশ গোল্ড এফেক্ট আসে। এতে ছোট বুটি, বড় বুটি, অলওভার জংলা কাজ, হাফ আন্ড হাফ, পাটলিপাল্লু-- সব ডিজাইনই ডবল কাতানে হয়। দাম আট-ন'হাজার থেকে শুরু।
পিওর কাতান বেনারসি: এই শাড়ি তৈরি হয় পিওর টুইস্টেড সিল্ক সুতোর টানা ও বানায়। এই বেনারসির রঙের ঔজ্জ্বল্যই আলাদা। এর গোল্ডেন জরির রং হলদেটে সোনালি। পিওর কাতান বেনারসিতে সিলভার ও কপার জরির কারুকাজও হয়। আবার রেশম সুতো ও জরির মিনাকারি কাজ ও খুব সূক্ষম জরির নকশা এই বেনারসিকে গর্জাস অথচ সোবার লুক দেয়। জমিতে হাত দিলেই বুঝবেন খুব মসৃণ ও টানটান। পলি সিল্ক মেশানো বেনারসির জমি এতটা মসৃণ হয় না। এর দাম দশ-বারো হাজার টাকা থেকে শুরু। পিওর কাতান বেনারসির দাম সত্তর আশি হাজার পর্যন্ত হতে পারে। খুব দামি বেনারসি তৈরির সময় নীচে একটা লাইনিং দেওয়া হয়। এতে বেনারসি কেমন মজবুত হয়,তেমনই ঔজ্জ্বল্যও বাড়ে।


সারাদিন ব্রা পরে কষ্ট হয়? মনমতো হয় না ফিটিংস? সঠিক সাইজ জানবেন কীভাবে