
শেষ আপডেট: 25 February 2023 08:53
দ্য ওয়াল ব্যুরো: 'সত্যম শিবম সুন্দরম' ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন আমজনতা। শুধুই অভিনয় না, পরিচালক রাজ কাপুর যেভাবে 'সেক্স সিম্বল' হিসাবে ব্যবহার করেছিলেন অভিনেত্রী জিনাত আমান (Zeenat Aman)-কে, সেইজন্য আজও তিনি চর্চিত। সেসময় তাঁর রূপের জাদুতে মুগ্ধ ছিল গোটা দেশ। পরে সেই জিনাতের সঙ্গেই রাজ কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন অভিনেতা দেব আনন্দ (Dev Anand)। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বি টাউনে। এবার সে নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী।
একসময় নিজের আত্মজীবনী ‘রোম্যান্সিং উইথ লাইফ’-এ দেব আনন্দ দাবি করেছিলেন, রাজ কাপুরের (Raj Kapoor) সঙ্গে জিনাত আমানের পরকীয়া সম্পর্ক ছিল। এতদিন সে নিয়ে মুখ না খুললেও এবার প্রয়াত অভিনেতার এহেন দাবিকে সটান মিথ্যা বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী। শুক্রবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জিনাত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পরিচালক-অভিনেতা রাজ কাপুরের সঙ্গে আমার কোনওদিনই ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না। উনি ছিলেন পরিচালক এবং আমি অভিনেত্রী। ব্যস! আমাদের সম্পর্কের গণ্ডি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল।"
দেব আনন্দ নিজের আত্মজীবনীতে সেইসময়ের কথা বলেছেন, যখন ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে জিনাত আমানকে নায়িকা হিসাবে চূড়ান্ত করেছিলেন রাজ কাপুর। এদিকে তাঁর আগেই ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির কো-স্টার জিনাতকে (যিনি ছবিতে তাঁর বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন) ভালোবেসে ফেলেছেন দেব আনন্দ। ওইসময় এই চর্চিত ত্রিকোণ প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। এক পার্টিতেই নাকি ঘটেছিল এমন ঘটনা, যা দেখার পর চোখে জল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দেব আনন্দ। ভালবাসার মানুষকে আর জানাতে পারেননি নিজের মনের কথা।
ঠিক কী হয়েছিল সেই ফিল্মি পার্টিতে?
দেব আনন্দ তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, যেদিন তিনি নিজের মনের কথা জিনাত আমানকে জানাবেন বলে ঠিক করেছিলেন, সেদিনই একটি পার্টিতে দেবের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিলেন রাজ কাপুর। জিনাতের কাঁধে হাত দিয়ে তিনি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। এরপর রাজ জিনাতকে জড়িয়ে ধরলে তিনিও যেভাবে বিষয়টি গ্রহণ করলেন, তা দেখে আমার মনে হল ওঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও আরও বেশি কিছু। না, এখানেই শেষ নয়। সেই পার্টিতেই রাজ কাপুর নাকি মত্ত অবস্থায় জিনাত আমানকে বলেছিলেন, "তুমি নিজের দেওয়া কথা রাখলে না। আমি তোমাকে সবসময় সাদা শাড়িতেই দেখতে চাই।" ব্যস! এরপর আর বাকিটা বুঝতে বাকি থাকেনি দেব আনন্দের। তাঁর মন ভেঙে যায়। এরপর তড়িঘড়ি সেই পার্টি থেকে বেরিয়ে যান তিনি।
শুক্রবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন তিনি। জিনাত বলেন, "আমি জানি না উনি (দেব আনন্দ) ঠিক কী বোঝাতে চেয়েছেন! তবে আমি এইটুকু বলতে পারি, এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। পরে আমি হয়তো কোনওদিন নিজের বইতে গোটা ব্যাপারটা লিখতে পারি। আমি দেব আনন্দকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু তারপরেও বলব, ওঁর এই কথাগুলো একেবারে মিথ্যা।"
এরপর জিনাত আমান জানান, "রাজ কাপুর আমাকে সত্যম-শিবম-সুন্দরম ছবির জন্য চূড়ান্ত করেছিলেন তার আগেই। আমি তাঁর আগামী ছবির হিরোইন হিসাবে সেই পার্টিতে গিয়েছিলাম। আমার সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না। একজন অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে যেটুকু সম্পর্ক থাকা প্রয়োজন, ততটাই ছিল। উনি কোনওদিন আমাকে সাদা পোশাক পরা বা না পরা নিয়ে কোনওরকম প্রশ্ন করেননি।"
মুম্বইয়ের বস্তিতে ঘুপচি ঘর, গায়ে উঠত ইঁদুর-আরশোলা, অতীত স্মরণ সঞ্জয় লীলা বনশালির