
শেষ আপডেট: 25 August 2022 08:18
দ্য ওয়াল ব্যুরো: সে একজন অতি সাধারণ মেয়ে। সৎ মায়ের (Step Mother) সংসারে নিত্যদিনের মুখ ঝামটাই তার রোজনামচা। সংসারের যাবতীয় কাজের ফাঁকে একমাত্র আশ্রয় তার ঠাকুমা (Grandmother)। শুধু তিনিই ভালবাসেন নাতনি জগদ্ধাত্রীকে (Jagaddhatri)। একটি মূক ও বধির (Deaf and Dumb) মেয়েদের এনজিওতে (NGO)কাজ করে দিন গুজরান হয় জগদ্ধাত্রীর। ঠাকুমা ছাড়া তাকে ভালবাসে শুধু তার বেস্ট ফ্রেন্ড স্বয়ম্ভু। কিন্তু এহেন সাদাসিধে জগদ্ধাত্রী কি সত্যিই শুধু একজন সাধারণ ঘরোয়া মেয়ে? নাকি এই পরিচয়ের আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কেউ?
রহস্য উন্মোচন হয় হঠাৎ করেই। এনজিওর মেয়েদের নিয়ে একদিন মেলা দেখতে যায় জগদ্ধাত্রী। সেখানে গুণ্ডাদের পাল্লায় পড়ে তারা। ভয়ে কুঁকড়ে যায়এনজিওর মূক ও বধির মেয়েরা। পুলিশে খবর যায়। কিন্তু ততক্ষনে বোমাবাজি শুরু করে দিয়েছে গুণ্ডারা। তখনই সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যায় জগদ্ধাত্রীকে। একাই একশো হয়ে গুণ্ডাদের হাত থেকে মেয়েদের বাঁচায় সে। জানা যায়, অতি সাধারণ মেয়ে সেজে থাকা জগদ্ধাত্রী আসলে সিক্রেট ইন্টেলিজেন্সের স্পেশাল অফিসার ইন কম্যান্ড জগদ্ধাত্রী স্যান্যাল। তার কোড নাম জে এ এস।
জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলেছে এই ভিন্ন স্বাদের নতুন ধারাবাহিক (Serial)। আগামী ২৯ অগস্ট সোমবার থেকে পথ চলা শুরু 'জগদ্ধাত্রী'র। নামভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। ব্লুজ প্রোডাকশনের ব্যানারে ধারাবাহিকটি পরিচালনা করবেন স্নেহাশিস চট্টোপাধ্যায়।
রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফিরল, কাজ করছে ব্রেন, হার্ট অ্যাটাকের পর থেকেই অজ্ঞান ছিলেন