
শেষ আপডেট: 17 September 2023 14:40
দ্য ওয়াল ব্যুরো: বিপাকে বলিউড তারকা জারিন খান। ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই শিয়ালদহ কোর্ট (Sealdah court) অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল (Zarine khan arrest warrant issued)।


কী ঘটেছিল?
জানা গেছে, ২০১৮ সালে কালীপুজোয় বাংলায় অনুষ্ঠান করতে আসার কথা ছিল জারিনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতা মিলিয়ে মোট ৬টি জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। এই অনুষ্ঠানগুলির আয়োজনের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের থেকে পারিশ্রমিক বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করতে আসেননি তিনি।
কলকাতার নারকেলডাঙা থানায় জারিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। রবিবার সেই চার্জশিট খতিয়ে দেখে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তা বিশাল গুপ্তার কথায়, জারিন খানের জন্য পারিশ্রমিক সহ আরও অনেক টাকা খরচ হয়েছিল। সেই টাকার পরিমাণ ৪০ লাখেরও বেশি। সেই টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকার করেন নায়িকা। পুলিশের কাছে অভিযোগ করার প্রাণনাশের হুমকি দেন জারিন খানের ম্যানেজার।
২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন জারিন। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। সেই জারিনের বিরুদ্ধেই এবার প্রতারণার অভিযোগ উঠল।
আরও পড়ুন: বিদেশে বিবাদ, দুই প্রবাসী ভ্লগারের মধ্যে জোর ঝামেলা, কেঁদেই আকুল মহুয়া-চন্দ্রিমা