
একসঙ্গে মাহভাশ ও চাহাল
শেষ আপডেট: 9 April 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু সময় ধরেই যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভেশের সম্পর্ক নিয়ে চারিদিকে গুঞ্জন। চাহালের বিচ্ছেদের পর সেই গুঞ্জন যেন ক্রমশ বেড়েই চলেছে। এবার এই গুঞ্জনেই আগুন দিলেন চাহাল নিজেই। মাহভাশকে নিজের 'শিরদাঁড়া' বলে উল্লেখ করলেন তিনি! পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগল না!
ব্যাপারটা তবে খুলেই বলা যাক, চলতি আইপিএলে প্রথম থেকেই পঞ্জাবকে সাপোর্ট করছেন মাহভাশ। ওই দলের হয়েই খেলেন চাহাল। সম্প্রতি ইনস্টাগ্রামে পঞ্জাব কিংসের হয়ে একটি পোস্ট করেন মাহভাশ। কখনও পঞ্জাবর পতাকা হাতে আবার কখনও বা চাহালের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, "পাহাড়ের মতো পিছনে দাঁড়ানোর জন্য আমরা সবাই আছি।"
আর এই পোস্টের কমেন্ট বক্সেই মাহভাশকে দেওয়া চাহালের উত্তর নজর এড়ায়নি কারও। চাহাল লেখেন, "তোমরা আমার শিরদাঁড়া। আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।" ছাড়েননি ভক্তরাও। রসিকতা করে তাঁদের মন্তব্য, "তাহলে কি এবার থেকে মাহভাশকেই বৌদি বলে মেনে নেব?'
দিন কয়েক আগেই ডাক্তার তথা নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে চাহালের। এর পর থেকেই মাহভাশের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও কোনওরকম গুঞ্জনকে 'সত্যি' হিসেবে মেনে নিতে ইতিমধ্যেই সতর্ক করেছেন মাহভাশ। কিন্তু কথাতেই তো বলে, যা রটে তার কিছুটা তো বটেই।