
শেষ আপডেট: 1 November 2023 22:07
দ্য ওয়াল ব্যুরো: ১২ নভেম্বরে মুক্তি পাবে ‘টাইগার ৩’। সেই নিয়ে সলমন ভক্তদের উন্মাদনা তুঙ্গে। টিকিটের বিপুল চাহিদায় মুম্বইয়ে ইতিমধ্যে সকাল ৭টার বেশ কিছু শো রাখা হয়েছে। সিনেমা বিশেষজ্ঞদের দাবি, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিটি বক্স অফিসে সফল হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে এরমধ্যেই সিনেমা মুক্তির আগে এই স্পাই ইউনিভার্স বা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’ নিয়ে একটা ছোটখাটো চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ফেললেন নির্মাতারা।
আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর দেশের একাধিক আইনক্স ও পিভিআরে আরও একবার মুক্তি পেতে চলেছে স্পাই ইউনিভার্সের অন্যান্য সিনেমাগুলি। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’ ফের দেখা যাবে বড়পর্দায়। ‘টাইগার ৩’ দেখার আগে দর্শকদের আরও একবার পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে যশ রাজ ফিল্মস। উল্লেখ্য, পুজোর আগে শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন করে সিনেমাহলে মুক্তি পেয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল ‘পাঠান’-এর নামও।
বলিউডের সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ বুধবার সন্ধেয় পোস্ট করে এই খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “১২ নভেম্বর, রবিবার ভারতে ‘টাইগার ৩’ মুক্তির আগে যশ রাজ ফিল্মস তাঁদের স্পাই ইউনিভার্স নিয়ে একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এই উদ্যোগে যোগ দিয়েছে পিভিআর-আইনক্সও। যাতে দর্শকরা আরও একবার বড়পর্দায় গুপ্তচর ব্রহ্মাণ্ডের সিনেমাগুলির গল্প মনে করে নিতে পারে। আগামী ৩-৫ নভেম্বর ভারতজুড়ে বড় বড় শহরে প্রদর্শিত হবে সিনেমাগুলি।”