
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 14 February 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: তুঙ্গে 'সঙ্গম বিতর্ক'। অভিযোগ দায়ের হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ক্ষিপ্ত একাংশ। এই পরিস্থিতিতে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রণবীর আল্লাবাদিয়া। আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন তিনি, যাতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের করা এফআইআরগুলিকে একত্রিত করে একটি মাত্র মামলায় রূপান্তরিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, গ্রেফতারি এড়াতে অগ্রিম জামিনের আবেদনও করেছেন।
জনপ্রিয় কমেডিয়ান সময় রায়নার শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে শিরোনামে উঠে আসেন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওর অংশটি। ধিক্কার জানাতে শুরু করেন অনেকে। এক ধাক্কায় ২০ লক্ষ সাবস্ক্রাইবার কমে যায় বলে খবর। অনেকেই সময় ও রণবীরের সমালোচনা করেন। জল গড়ায় অনেক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদক্ষেপের কথা বলেন। অভিযোগ দায়ের হয় দিকে দিকে।
গুয়াহাটির এক বাসিন্দা আল্লাবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে অসম পুলিশ অশ্লীলতা ও নৈতিকতা অবমাননার ধারায় একটি মামলা রুজু করে। মামলায় রণবীরের পাশাপাশি শো-এর হোস্ট সময় ও বাকি আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্বা মাখিজার নামও রয়েছে। গুয়াহাটি পুলিশের একটি দল ইতিমধ্যে মুম্বই পৌঁছেছে সকলকে সমন দিতে। মুম্বই পুলিশের তরফে সময়কে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। তবে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে সময় চেয়ে নিয়েছেন পুলিশের কাছ থেকে।
আর এই পরিস্থিতিতে সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার কাছে এই মামলাটির তড়িঘড়ি শুনানির অনুরোধ জানানো হয়েছে। তবে আদালতে তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মামলাটির জন্য ইতিমধ্যেই একটি তারিখ ঠিক করা রয়েছে, তার আগে শুনানি সম্ভব নয়।