
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10 February 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: রোস্ট শো ইন্ডিয়াস গট লেটেন্টে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। সমালোচনার মুখে পড়লেন অনুগামীদের। ধিক্কার জানাল নেটিজেনদের একাংশ। হাওয়া গরম বুঝে সোশ্যাল মিডিয়াতেই শেষমেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। বললেন, 'কমেডি আমার দ্বারা হবে না, যা বলেছি যা ঠিক হয়নি।'
সম্প্রতি ইন্ডিয়াস গট লেটেন্ট নামের একটি রোস্ট শো-তে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে আকাশ চঞ্চলানি, সময় রায়নারা উপস্থিত ছিলেন। এক মহিলাকে তিনি সরাসরি প্রশ্ন করে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে। গোটা এপিসোডের মধ্যে এই অংশটুকু ভাইরাল হয়। রণবীরের রুচি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন মানুষজন। সময় রায়না নিজে ওই প্রশ্নের পরই বলে ফেলেন, এগুলো সব পডকাস্টের রিজেক্ট হওয়া প্রশ্ন। সেই মুহূর্তে হাসির রোল উঠলে। তা পরে বিষাদে পরিণত হয়।
"I shouldn’t have said what I said on India’s Got Latent. I’m sorry." – Ranveer Allahbadia apologizes after backlash over his comments.#RanveerAllahbadia #Trending #Viral #ViralVideo #indiasgotlatent pic.twitter.com/urNADaGGAO
— TIMES NOW (@TimesNow) February 10, 2025
রণবীরের এই মন্তব্যে পুলিশে দায়ের হয় অভিযোগ। কয়েকটি রাজনৈতিক সংগঠনের তরফেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমা চাইলেন ইউটিউবার। একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সি রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'
যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর রণবীর নির্মাতাদের কাছে ওই অংশটুকু সরিয়ে দেওয়ার আবেদন জানান।
ঠিক কী বলেছিলেন রণবীর?
এক প্রতিযোগীকে তিনি হঠাৎ প্রশ্ন করে বসেন, 'তুমি কি প্রতিদিন তোমার বাবা-মায়ের যৌন সম্পর্ক দেখতে চাও, নাকি একবার তাঁদের সঙ্গে যুক্ত হয়ে তা চিরতরে বন্ধ করে দিতে চাও?' উত্তরে ওই প্রতিযোগী কিছু বলার আগেই সময় রায়না মন্তব্য করেন। হেসে লুটিয়ে পড়েন সকলে। কিন্তু ওই আপত্তিকর কথা নিয়েই নিন্দার ঝড় ওঠে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, 'আমি ভিডিওটি দেখিনি, তবে আমাকে জানানো হয়েছে এটি অত্যন্ত অশ্লীল। বাক স্বাধীনতা সকলের রয়েছে, তবে তারও সীমা থাকা উচিত। যদি কেউ এই সীমা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।'