
শেষ আপডেট: 31 January 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: ২৫ জানুয়ারি, বুধবার মুক্তি পেয়েছিল 'পাঠান' (Pathaan)। ইতিমধ্যে দেশ-বিদেশ মিলিয়ে একাধিক রেকর্ড ভেঙেছে, অসংখ্য নজির গড়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিটি। তবে আজ, মঙ্গলবার ষষ্ঠ দিনে এসে দেশের একাধিক জায়গায় টিকিটের দাম (ticket price) কমানোর সিদ্ধান্ত নিল ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। সূত্রের খবর, বর্তমান দামের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমতে পারে টিকিটের মূল্য।
তবে পুরোটাই হবে জায়গা বিশেষে। অর্থাৎ, যেসব জায়গায় 'পাঠান' দেখার চাহিদা তুঙ্গে, কিন্তু টিকিটের দামের কারণে হলমুখী হতে পারছেন না। সেখানে সেখানে ছবির উন্মাদনা ধরে রাখতে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়া।
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৫৯০ কোটি টাকার গণ্ডি পার করে গিয়েছে 'পাঠান'। শুধুমাত্র ভারতেই ৩৬৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। এক সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবেই ৬০০ কোটি টাকা উপার্জন হয়ে যাবে। ফলত বোঝাই যাচ্ছে যে, শাহরুখের প্রত্যাবর্তন বেশ রাজকীয়ই হয়েছে। এবার সপ্তাহের মাঝপথে সেই চাহিদা যাতে কমে না যায়, তাই রাতারাতি টিকিটের দাম কমিয়ে আরও বেশি সংখ্যক মানুষকে হলে ফিরিয়ে আনতে মরিয়া ছবির নির্মাতারা।
শাহরুখকে 'পাঠান' নামে পরিচিতি দিয়েছিলেন কমল হাসান! অনুরাগীরা বলছেন…