
শেষ আপডেট: 25 June 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ধারাবাহিকে একসময় তিনিই ছিলেন সবচেয়ে সফল। সেখান থেকে এসে সিনেমা জগতে পা রাখলেও বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারেননি। তবে বলিউডে পুরনো চেনাজানার সুবাদে সম্প্রতি 'ইয়ারিয়াঁ' ছবিতে অভিনয় করেছেন। এবার সেই টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত নিজের প্রযোজনা সংস্থা শুরু করলেন। নিজের নাম ও পদবির আদ্যক্ষর দিয়ে নাম রেখেছেন 'ওয়াইডি ফিল্মস'। আর তারপরই নিজের প্রোডাকশনের নতুন ছবির নাম ঘোষণা করে দিলেন রবিবার।
ছবির নাম 'মেন্টাল'। রবিবার তারই অ্যানাউন্সমেন্ট টিজার শেয়ার করেছেন প্রযোজনা সংস্থার দুই প্রধান, যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। এই দু'জন ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তনী গুপ্তকে। সিনেমাটি পরিচালনা করছেন বাবা যাদব। সংলাপ লিখেছেন রোহিত-সৌম্য। তবে আজ সেই মোশন পোস্টারে শুধুমাত্র যশের লুকই মুক্তি পেয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আজ যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছেন, 'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'। ছবির সঙ্গে জড়িত এক কুশলী জানান, একেবারে হার্ডকোর কমার্শিয়াল ছবিই উপহার দিতে চলেছেন প্রযোজক যশ। ছবিতে যশকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। তবে ওই মোশন পোস্টারে যশের হাসি দেখে মনে হচ্ছে, তাঁর চরিত্রে বেশ কিছু স্তর রয়েছে।
'এসওএস কলকাতা'র পর নতুন কোনও ছবিতে এখনও অবধি দেখা যায়নি যশ-নুসরত জুটিকে। মাঝে এনা সাহার প্রোডাকশনে তাঁদের 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' তৈরি হয়ে গেলেও মুক্তি পায়নি। সূত্রের খবর, প্রযোজকের সঙ্গে নায়কের ব্যক্তিগত সমস্যার জেরে এই ছবি জটিল সমস্যায় ফেঁসে রয়েছে। রবিবার সেই নিয়ে কথা তুলেছেন টলিউডের আর এক প্রযোজক রানা সরকারও। অবিলম্বে এনার সঙ্গে সমস্যা মিটিয়ে সেই ছবি মুক্তির ব্যবস্থাও করতে বলেছেন রানা।
তবে এর পাশাপাশি প্রযোজক হিসাবে যশের পথচলার আগে বেশ কিছু পরামর্শও দিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক রানা সরকার। তিনি বলেছেন, "একজন অভিনেতা তখনই প্রযোজকের ব্যথা বা সমস্যার কথা বুঝতে পারে যখন সে নিজে প্রযোজক হয়। যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে অনেক অভিনন্দন ও তাদের শুরু করা ওয়াইডি ফিল্মসের জন্য অনেক শুভেচ্ছা। এবার তারাও বুঝতে পারবে প্রযোজকের যন্ত্রনা, আবেগ, বিনিয়োগের ব্যথা। সেই সঙ্গে তারা ভাল ভাল সিনেমাও বানাবে এটাই প্রত্যাশা।"
ইদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড নুসরত! কুৎসিত গালাগালের বন্যা অভিনেত্রী-সাংসদের পোস্টে