বেঙ্গালুরুতে অভিনেতার গাড়ির চাকায় পিষে গেলেন মহিলা! হাসপাতালে আশঙ্কাজনক মৃতার স্বামী
শেষ আপডেট: 1 October 2023 16:54
দ্য ওয়াল ব্যুরো: তারকা অভিনেতার বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বসন্তপুর সড়কে। আর গাড়িটি চালাচ্ছিলেন কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা নাগাভূষণ। সূত্রের খবর, তীব্র গতিতে গাড়িটি ছুটে এসে ধাক্কা মারে ওই মহিলা ও তাঁর স্বামীকে। মহিলা চাকায় পিষে যান এবং তাঁর স্বামী ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় সেই মহিলার। ইতিমধ্যে সেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুর্ঘটনা উস্কে দিয়েছে মুম্বইয়ের রাস্তায় সলমন খানের গাড়ির তলায় একাধিক মানুষের চাপা পড়ে মৃত্যুর ঘটনাকে।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাতে শহরের বসন্তপুর সড়কে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন বছর ৪৮-এর ওই মহিলা। সেইসময় অভিনেতার গাড়িটি উত্তরাহাল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিল। নাগাভূষণ নিজেই চালকের আসনে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভয়াবহ গতিতে ওই ফাঁকা রাস্তা দিয়ে চালাচ্ছিলেন অভিনেতা। আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে ফুটপাথে উঠে যান। এরপরই হাঁটতে থাকা দম্পতিকে ধাক্কা মেরে সামনে থাকা একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় গাড়িটি। দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা।
তড়িঘড়ি দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তাঁরাই। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। এদিকে তাঁর স্বামী এইমুহূর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ওই অভিনেতাকে। নাগাভূষণের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেতা সেসময় নেশাগ্রস্ত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হবে।