
শেষ আপডেট: 31 March 2022 11:23
দ্য ওয়াল ব্যুরো: অস্কার মঞ্চে দুর্ব্যবহারের কারণে বড়সড় বিপদে পড়তে হতে পারে উইল স্মিথকে (Will Smith Oscar)। তাঁর অস্কার কেড়ে নেওয়া হতে পারে। বুধবার উইল স্মিথের আচরণের বিচারে ডিসিপ্লিনারি প্রসেসও শুরু হয়েছে বলে খবর।
দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স জানিয়েছে উইল স্মিথের আচরণের বিরুদ্ধে একটি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি অস্কারের মঞ্চে অ্যাকাডেমির নিয়মের সঙ্গে আপস করেছেন। তাঁর আচরণ প্রত্যাশিত নয়। অ্যাকাডেমির বিবৃতিতে আরও বলা হয়েছে, সেদিন ওই ঘটনার পর স্মিথকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি তাতেও রাজি হননি।
আরও পড়ুন: এনসিবির আবেদন মঞ্জুর! শাহরুখ পুত্রের মামলায় চার্জশিট পেশে দু'মাস সময় দিল আদালত
‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন উইল স্মিথ। সেই অস্কারের মঞ্চেই ঘটে যায় অঘটন। স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে চটুল রসিকতা করে বসেন সঞ্চালক ক্রিস রক। জাডা অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত, তাই তাঁর মাথায় চুল প্রায় নেই বললেই চলে। তা নিয়েই রসিকতা করেছিলেন ক্রিস। এই রসিকতা মেনে নিতে না পেরে সটান মঞ্চে উঠে যান উইল স্মিথ, ক্রিস রককে সপাটে চড় কষিয়ে দেন। তারপর নিজের আসনে ফিরে এসে আবার গালিগালাজও করেন সঞ্চালকের উদ্দেশে।
তাৎক্ষণিক উত্তেজনার বশে মেজাজ হারালেও পরে সকলের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্মিথ। তবে বিতর্ক তাতেই থেমে যায়নি। অনেকেই বলছেন স্মিথ যা করেছেন তাতে কোনও ভুল নেই, অনেকে আবার বলছেন গোটা ব্যাপারটাকে মজার ছলেই নেওয়া যেত। এখন দেখার অক্সারজয়ী অভিনেতার বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ করে অ্যাকাডেমি।