‘পুষ্পা ৩’-এ কি আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে সলমন খানকে?
.jpeg.webp)
ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 21 January 2026 20:06
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে পরপর দু’বার ঝড় তুলেছে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ (Pushpa 2)। সেই সাফল্যের রেশ ধরেই এখন সিনেপ্রেমীদের চোখ ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’-এর দিকে। আগের দুই পর্বের মতোই তৃতীয় ছবিও যে বক্স অফিসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এই বিশ্বাসেই অনুরাগীরা অপেক্ষায়। ‘ঝুঁকেগা নেহি সালা’ ডায়লগের মতোই, এবারও ছবিটি একই বার্তা দেবে বলেই আশা দর্শকদের।
এই উত্তেজনার মাঝেই শোনা যাচ্ছে এক বড়সড় গুঞ্জন। কান পাতলেই নাকি শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যেতে পারে বলিউডের ‘সুলতান’ সলমন খানকে। অর্থাৎ, ভারতীয় বিনোদন দুনিয়ার দুই হেভিওয়েট, আল্লু অর্জুন ও সলমন খান একই ফ্রেমে আসতে পারেন ‘পুষ্পা ৩’-তে। যদিও এই খবর এখনও পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে। ছবির নির্মাতাদের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ নিয়ে ইতিমধ্যেই বড়সড় পরিকল্পনা শুরু করেছে প্রযোজনা সংস্থা। আগের দুই পর্বের তুলনায় তৃতীয় ছবিতে আরও বড় ক্যানভাস, আরও বেশি চমক যোগ করার কথা ভাবা হচ্ছে। সেই ভাবনাচিন্তার অঙ্গ হিসেবেই শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।
এই প্রি-প্রোডাকশন পর্বেই নাকি উঠে এসেছে সলমন খানের নাম। গুঞ্জন বলছে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। এমনকী শোনা যাচ্ছে, সলমনের চরিত্রের নামও হতে পারে ‘সুলতান’। চরিত্রটি নাকি হবে একজন প্রভাবশালী শিল্পপতির, যা গল্পে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। ছবির প্রস্তুতির অংশ হিসেবে প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই হায়দরাবাদে একটি অফিসও নিয়েছে বলে খবর।
তবে ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’-এর শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। কারণ এই মুহূর্তে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন দু’জনেই অন্য একটি ছবির কাজে ব্যস্ত। সেই কাজ শেষ হওয়ার পরেই ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব শুটিং ফ্লোরে যাবে বলে শোনা যাচ্ছে। সব ঠিকঠাক চললে, ২০২৮ সালের আশপাশেই ক্যামেরার সামনে আসবে বহু প্রতীক্ষিত এই ছবি।