
শেষ আপডেট: 19 February 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ হয়েছে এষা দেওলের। এই বিচ্ছেদ এষাকে আবার আলোচনায় নিয়ে এসেছে। এখন কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি রাজনীতিতেই যোগ দেবেন।
কথাটির সত্যতা জানতে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয় হেমা মালিনীকে। তিনিও একই ইঙ্গিত দেন। জানান, আগামী কয়েক বছরের মধ্যে এষা রাজনীতিতে যোগ দিলেও দিতে পারে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমাকে জিজ্ঞেস করা হয়েছিল এষা এবং অহনা দেওল রাজনীতিতে যোগ দেবে কিনা। উত্তরে হেমা বলেন, 'যদি ওরা চায়। এষার রাজনীতিতে আগ্রহ রয়েছে, ও রাজনৈতিক কাজকর্ম করতে পছন্দ করে। আগামী দিনে ওর এই আগ্রহ যদি বজায় থাকে তাহলে নিশ্চয়ই ও রাজনীতিতে যোগ দেবে।'

হেমা আরও বলেন, 'আমার পরিবার সব সময় আমার পাশে থেকেছে। সেইজন্য আমি অভিনয়ের সঙ্গে রাজনীতিও করতে পেরেছি। আমি যখন কাজ করি তারা মুম্বইয়ে আমার বাড়ির দেখাশোনা করে, তাই আমি খুব সহজেই মথুরায় আসতে পারি। আর আমি যা করছি তাতে ধরমজি (ধর্মেন্দ্র) খুব খুশি। তাই তিনি আমাকে সমর্থন করেন এবং তিনিও মথুরায় আসেন।'
ধর্মেন্দ্র ও হেমা দম্পতির বড় মেয়ে এষা দেওল 'ধুম', 'দশ' এবং 'নো এন্ট্রি'র মতো বলিউডের বেশ কয়েকটি বড় সিনেমায় অভিনয় করেছেন। তবে সেভাবে জায়গা করতে পারেননি। গত বছর অজয় দেবগনের সঙ্গে থ্রিলার সিরিজ 'রুদ্র: দ্য এজ অব ডার্কনেস'-এর মাধ্যমে অভিনয়ে ফেরেন তিনি। আগামীতে তাকে সুনীল শেট্টির সঙ্গে 'ইনভিজিবল ওমেন' সিরিজে দেখা যাবে।
সম্প্রতি বিয়ের ১১ বছর পর স্বামী ভরত তখতানির সঙ্গে এষা দেওলের বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি