
শাহরুখ-সুজয়-সুহানা
শেষ আপডেট: 25 December 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: যদি ঘটনাটি ঘটত তাহলে ইতিহাস সৃষ্টি হতো। প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করতেন শাহরুখ ‘কিং’ খান (Shah Rukh Khan)। কিন্তু তা আর হল কই?
যে খবরে আশায় বুক বাঁধছিল, গোটা বাঙালি জাতি, সেই খবরে জল পড়ে গেল! যে শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর পরিচালনা করছেন না ‘কাহানি’খ্যাত সুজয় ঘোষ। পরিবর্তে ‘কিং’-এর হাল ধরলেন, সিদ্ধার্থ আনন্দ। ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এর সাফল্যর জন্য বারবার যাঁর নাম উঠে এসেছে তিনি, সিদ্ধার্থ।
শোনা যাচ্ছে, অ্যাকশন-প্যাকড এন্টারটেনার ছবি ‘কিং’ থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন সুজয় ঘোষ। স্বাভাবিকভাবেই ছবির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সিদ্ধার্থ।
কেন সরে দাঁড়ালেন সুজয় ঘোষ?
সূত্র মারফত যা খবর, “সুজয় ঘোষ তিন সপ্তাহ আগেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে এসেছেন। গত বছর এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হন সুজয়। কিন্তু এখন প্রজেক্টটি ভাবে এবং ভারে পরিবর্তন হয়েছে। স্কেল এবং ব্যাপ্তিতে আরও বড় হয়ে উঠেছে। ছবিটি সুজয়ের চেয়ে সিদ্ধার্থের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছ। সুজয় এই কথাটি সিদ্ধার্থকে সরাসরিই জানিয়েছেন। সুজয় এও বলেন সিদ্ধার্থ এবং শাহরুখ এই ছবিটির মাধ্যমে যা অর্জন করতে চান তা আরও ভালভাবে পূরণ করতে সিদ্ধার্থ যেন নিজেই পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সিদ্ধার্থ এবং শাহরুখ দু’জনেই সুজয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। কোনও ভুল বোঝাবুঝিতে নয়, সৌহার্দ্যপূর্ণ বিচ্ছেদেই বিদায় নেন পরিচালক সুজয় ঘোষ।
EXCLUSIVE: The #Kahaani maker is no longer a #King maker... Here's why #SujoyGhosh left Shah Rukh Khan's action entertainer... #SiddharthAnand will now direct this film, scheduled to go on floors now in MARCH 2025! https://t.co/1g5zlX2RWi
— Rahul Raut (@Rahulrautwrites) December 24, 2024
শোনা যাচ্ছে ‘কিং’ ২০২৫ সালের মার্চ মাসে শুটিং ফ্লোরে উঠবে। গত কয়েক মাস ধরেই চলছে প্রস্তুতির পর্ব। সিদ্ধার্থ এবং তাঁর টিম দেশের বিভিন্ন লোকেশনে রেকি সেশনে ব্যস্ত। ইউরোপের বেশ কিছু দ্রষ্টব্য অনাবিষ্কৃত লোকেশনে হবে শুটিং। বিশ্বখ্যাত স্টান্ট ডিরেক্টরদের সঙ্গে কথাবার্তাও চলছে। লক্ষ্য একটাই ভারতীয় ছবিতে দেখানো হবে সর্বশ্রেষ্ঠ রোমাঞ্চকর অ্যাকশন, ডিজাইন করা হয়েছে বিশ্বমানের অ্যাকশন সিকোয়েন্স।
ছবিতে ‘খলনায়ক’ অভিষেক বচ্চন। শাহরুখকন্যা সুহানা থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ‘কিং’-এর চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ, সিদ্ধার্থ আনন্দ, সুরেশ নায়ার এবং সাগর পান্ডে। সংলাপ লিখেছেন আব্বাস টায়রেওয়ালা। তবে, যে খবর নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তা হল কে রয়েছেন শাহরুখের বিপরীতে?
না, নাম জানা যায়নি, শোনা যাচ্ছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেই দেখা যাবে শাহরুখের পাশে।