
করিশ্মা কাপুর
শেষ আপডেট: 5 April 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: যেখানে কাপুর পরিবারের মেয়েরা অভিনয়কে বরাবরই পাশ কাটিয়ে গিয়েছেন, সেখানে করিশ্মা কাপুর ছিলেন এক সাহসী ব্যতিক্রম। কাপুর পরিবারে সেই সময় ছিল অলিখিত এক নিয়ম—বাড়ির কোনও মেয়ে বা বউমা অভিনয় পেশায় থাকবেন না। যাঁরা বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন, তাঁরা বিয়ের পর কাপুর পরিবারে এসে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। এই রীতিকে প্রথম প্রশ্ন করেছিলেন রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে করিশ্মা।
বাড়ির অমতে অভিনয় জগতে পা রেখেছিলেন করিশ্মা। কিন্তু যাত্রাপথ সহজ ছিল না। তারকা পরিবারের মেয়ে হয়েও শুরুতে বলিউড তাঁকে আপন করে নেয়নি। কাজ মিলছিল না, বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন। এক সময়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, তিনি রাতভর কাঁদতেন, মাকে গিয়ে বলতেন—"আমাকে কেউ সুযোগ দিচ্ছে না"।
এই কঠিন সময় করিশ্মার ছোট বোন করিনা ছিলেন তখনও খুব ছোট। কিন্তু দিদির যন্ত্রণা ছুঁয়ে গিয়েছিল তাঁকেও। করিনা পরে জানিয়েছিলেন, দরজার বাইরে দাঁড়িয়ে শুনতেন দিদির কান্না। তখন পাশে দাঁড়াতে পারেননি, কিন্তু পরবর্তীতে দিদির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিলেন তিনিই। করিশ্মার বিচ্ছেদের সময় কিংবা জীবনের কঠিন পর্বে এক মুহূর্তের জন্যও তাঁকে ছেড়ে যাননি করিনা।
যাঁকে বলিউড এক সময়ে কোণঠাসা করতে চেয়েছিল, তিনিই পরে হয়ে ওঠেন হিন্দি সিনেমার রাজকন্যা। ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজাবাবু’র মতো একাধিক বক্স অফিস হিট ছবি উপহার দেন করিশ্মা। এক দশকের বেশি সময় তিনি বলিউড শাসন করেছেন নিজের প্রতিভা, সৌন্দর্য এবং পরিশ্রম দিয়ে।