
সুচিত্রা সেন ও সত্যজিৎ রায়
শেষ আপডেট: 10 April 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার ইতিহাসে সুচিত্রা সেনের নাম মানেই এক জীবন্ত কিংবদন্তি। একের পর এক সফল ছবিতে নজির গড়েছেন তিনি, কাজ করেছেন তৎকালীন প্রথম সারির বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে। তবু, দুই মহান নির্মাতা—ঋত্বিক ঘটক ও সত্যজিৎ রায়ের সঙ্গে কখনও পর্দা ভাগ করে নিতে পারেননি সুচিত্রা। ইচ্ছা থাকা সত্ত্বেও, এই দু’জনের সঙ্গেই তাঁর কাজ হয়নি—আর এই অপূর্ণতা সারা জীবনই বয়ে বেড়িয়েছেন তাঁরা।
ঋত্বিক ঘটকের সঙ্গে ‘রঙের গোলাম’ নামের এক ছবির শুটিং শুরু করলেও, অজানা কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় সেই প্রজেক্ট। ফলে অনুরাগীদের কাছে আজও সেই ছবি এক রহস্য। অন্যদিকে সত্যজিৎ রায়ের সঙ্গেও একটি ছবির পরিকল্পনা হয়েছিল—কিন্তু সেখানেও বাধ সাধল এক ‘শর্ত’।
জানা যায়, ‘দেবী চৌধুরানী’ তৈরির কথা ভাবছিলেন সত্যজিৎ। প্রাথমিক পর্যায়ে সুচিত্রা সেনের সঙ্গে কথা বলেও ফেলেন তিনি। স্ক্রিপ্ট পাঠানোর পর একদিন পরিচালক নিজে তাঁকে ডেকে পাঠান স্ক্রিপ্ট শোনাতে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু গল্পের মাঝখানে সত্যজিৎ এক শর্ত রাখেন—“এই ছবির কাজ চলাকালীন আপনি অন্য কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না।” কারণ হিসেবে জানান, অন্য চরিত্রের প্রভাব তিনি তাঁর সিনেমার উপর পড়তে দিতে চান না।
এই কথা শুনে প্রথমে চমকে যান সুচিত্রা। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে স্পষ্ট জানান, তিনি এই শর্ত মানবেন না—এবং সেই কারণেই ছবিটি করবেন না। এরপর বিরক্ত মুখেই স্টুডিও ছেড়ে বেরিয়ে যান তিনি।এই খবর সে সময় তোলপাড় ফেলে দেয় টলিপাড়ায়। বিনোদন পত্রিকাগুলোর প্রথম পাতায় জায়গা করে নেয় ‘সত্যজিৎ-সুচিত্রার ঠান্ডা যুদ্ধ’। বহু সাংবাদিক ও চলচ্চিত্র অনুরাগী ঘুরে বেড়িয়েছিলেন স্টুডিও চত্বরে, তথ্য জোগাড় করতে। শেষ পর্যন্ত সুচিত্রা সেনের না বলায় আর কোনওদিন তৈরিই হয়নি সত্যজিতের ‘দেবী চৌধুরানী’। এ যেন দুই কিংবদন্তির মধ্যে এক অসমাপ্ত অধ্যায়—যার শেষ নেই, আছে কেবল দীর্ঘশ্বাস আর এক অপূর্ণ স্বপ্ন।