.jpg)
কেন ফিরে এলেন দেব?
শেষ আপডেট: 16 February 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে রাজ্য বাজেট। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। খুশি ঘাটালের সাংসদ দেব অধিকারীও। এবার এ নিয়েই মুখ খুললেন তিনি।
২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য সাংসদ পদে নির্বাচিত হন দেব। তবে অন্দরের খবর, রাজনীতিতে থেকে অব্যাহতিই চেয়েছিলেন তিনি।ঠিক যেমনটা চেয়েছিলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। অব্যাহতি মেলেনি। বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে হারিয়ে ফের ফিরে আসেন দেব।
ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম প্রধান ইস্যু এই ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করে বিরোধীরা তোপ দাগলেও অক্ষুণ্ণ ছিল দেবের আসন। এ দিন সেই প্রসঙ্গই টেনে এনে দেব বলেন, "আমার রাজনীতিতে ফিরে আসার একটাই কারণ, ঘাটাল মাস্টার প্ল্যান। দিদি কথা দিয়েছিলেন ঘাটালেন মানুষকে। দিদিকে অসংখ্য ধন্যবাদ কথা দিয়ে কথা রাখার জন্য।" ৫০০ কোটি বরাদ্দ হওয়ায় দেব যে খুশি সেই কথাই নিজমুখে জানালেন তিনি।
ঘাটাল মাস্টার প্ল্যান কী?
ঘাটাল শহরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে শিলাবতী নদী। ভৌগলিক দিক থেকে ঘাটাল অনেকটা গামলার মতো। সব দিক থেকে জল ঢুকলেও বেরানোর কোনও জায়গা নেই। ফলে ফি বছর বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় ঘাটাল। দুঃখের শেষ থাকে না এলাকাবাসীর। সেই সমস্যার মোকাবিলা করতেই তৈরি হয়েছে এক বিশেষ পরিকল্পনা।
অতীতে কেন্দ্রের অসহযোগিতাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা যায়নি বলে অভিযোগ করে রাজ্য সরকার। এরপরই গত বছর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ শুরু করে রাজ্য। সেচ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। ৩.৫ কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৫ কোটি টাকা। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে আরও পাঁচশ কোটি। মন্ত্রীর আশ্বাস আগামী দু' বছরের মধ্যেই সম্পন্ন হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ।