
শেষ আপডেট: 16 February 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: দেবশ্রী রায়ের নাম শুনলেই মনে পড়ে 'উনিশে এপ্রিল'-এর কথা। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মা-মেয়ের সম্পর্ক নিয়ে এই সিনেমা।
চিরকালই নিজের শর্তে জীবন কাটিয়েছেন অভিনেত্রী। কোন ছবিতে অভিনয় করবেন, কোথায় করবেন না, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে অনেক চরিত্রকে না-ও বলেছেন। এসব কারণে তাঁকে ইন্ডাস্ট্রিতে নাক উঁচু বলে মনে করা হয়।
১৯৭৮ সালে 'ঘটা' হিন্দি ছবির হাত ধরে পা রাখেন বলিউডে। তারপর তামিল, তেলেগু, কন্নড় আরও বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেন। বাংলা ছবিতে তাঁর উল্লেখযোগ্য কাজ 'উনিশে এপ্রিল'। এরজন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। এছাড়াও পেয়েছেন বঙ্গবিভূষণ ও আরও কিছু পুরস্কার। তবে জাতীয় স্তরে সম্মানিত হওয়ার পরেও দেবশ্রী রায়কে কী ইন্ডাস্ট্রি সেইভাবে গুরুত্ব দেয়?
সোশ্যাল মিডিয়ার জাঁকজমকে বিশ্বাস করেন না অভিনেত্রী। এই নিয়ে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে মনের কথা জানালেন। বললেন, নিজেকে প্রমাণ করার যুদ্ধে তিনি সামিল হতে চান না। ওঁর বিশ্বাস মানুষ দেবশ্রী রায়কে ভুলে যাবে না।
.png?w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100)
২০২১-২২ সাল অবধি 'সর্বজয়া' সিরিয়ালে অভিনয় করেছিলেন। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এত বছরে বহু সিনেমা, সিরিয়াল করে নিজের জায়গায় তৈরি করেছেন তিনি। কিন্তু ইঁদুর দৌড়ে কোনোদিনই থাকতে চাননি তিনি। সাক্ষাৎকারে দেবশ্রী আরও জানান যে, এমনও হয়েছে তিনি ছয় মাস বসে, কোনও কাজ নেই। তাতে অসুবিধা হয় নি।
'অভিনেত্রী' দেবশ্রী রায় হয়ে বাঁচতে চেয়েছিলেন বলে প্রসেনজিৎ-এর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই সময় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেবশ্রী অভিনয় ছেড়ে দিলে প্রসেনজিৎ খুশি হতেন। ওঁর সাফল্যে নাকি ঈর্ষা হত অভিনেতার। দুজনের বিচ্ছেদের পর খোলাখুলি অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী।
মাঝে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেখান থেকেও বেরিয়ে আসেন। পশুদের সেবাশুশ্রূষা নিয়েই দিন কাটে অভিনেত্রীর। বলিউডে এত নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়। অথচ দেবশ্রী রায়ের মতো এত শক্তিশালী একজন অভিনেত্রীকে নিয়ে কেন নারীকেন্দ্রিক চরিত্র ভাবা হয় না, প্রশ্ন অভিনেত্রীর নিজেরও। 'ফলোয়ার্স'-এর অভাব বলেই কি?
এই প্রথম ওটিটির পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। ১৪ ফেব্রুয়ারি হইচই-এ 'কেমিস্ট্রি মাসি' মুক্তি পেয়েছে। এছাড়াও মিঠুন চক্রবর্তীর বিপরীতে 'শাস্ত্রী' ছবিতেও দেখা যাবে দেবশ্রী রায়কে।